নাটোরে স্লোগান দিয়ে বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণ
নাটোর-ঢাকা মহাসড়কসংলগ্ন শহরতলির দত্তপাড়া বাজারে রাতের আঁধারে বোমা বিস্ফোরণ ও ১৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে একদল দুর্বৃত্ত। রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনটি মাইক্রোবাসে করে আসা ১০ থেকে ১৫ জনের একটি দল ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এই তাণ্ডব চালায়। আকস্মিক এই ঘটনায় বাজারের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা এবং মহাসড়কের যানবাহন চালকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে দত্তপাড়া বাজারের ব্যবসায়ীরা যখন দিনের বেচাকেনা শেষে দোকানপাট বন্ধ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই তিনটি মাইক্রোবাস এসে বাজারে থামে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মাইক্রোবাসের ভেতর থেকেই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পরপর বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এরপর গাড়ি থেকে নেমে আসা ১০ থেকে ১৫ জন যুবক বাজার এলাকা প্রকম্পিত করে ১৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় মহাসড়ক দিয়ে চলাচলরত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান লক্ষ্য করেও গুলি ছোড়া হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
ভয়াবহ এই গুলির শব্দে দত্তপাড়া সেতুর দুই প্রান্তে থাকা বেশ কয়েকটি ভারী যানবাহন ও দূরপাল্লার পরিবহন আতঙ্কে থেমে যায়। কয়েক মিনিটের এই তাণ্ডব শেষে দুর্বৃত্তরা পুনরায় মাইক্রোবাসগুলোতে উঠে বনপাড়ার দিকে দ্রুতগতিতে পালিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় পুরো বাজার ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বাজারের দায়িত্বরত নৈশপ্রহরী জাহাঙ্গীর আলম জানান, এই বাজারে এর আগে কখনো এমন ভীতিকর ঘটনা ঘটেনি। দুর্বৃত্তদের মুখে ‘জয় বাংলা’ স্লোগান শুনে স্থানীয়দের ধারণা, হামলাকারীরা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হতে পারে। উপর্যুপরি গুলির শব্দে সাধারণ মানুষের মধ্যে তীব্র ভীতি তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ঘটনার পরপরই খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনমনে স্বস্তি ফেরাতে দত্তপাড়া বাজার ও মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য জোর তদন্ত চলছে।