স্থগিতাদেশ অমান্য করে ফল ঘোষণার পর এবার রাজশাহী পরিবহন গ্রুপে প্রশাসক নিয়োগ
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নেতৃত্ব এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরে চলা জটিলতা ও নির্বাচনি বিতর্কের অবসান ঘটাতে সংগঠনটিতে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে দায়িত্ব গ্রহণের পরবর্তী ১২০ দিনের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের এই যুগান্তকারী সিদ্ধান্তের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ এই পরিবহন সংগঠনটির নেতৃত্ব ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে চলমান পরিস্থিতিতে সম্পূর্ণ নতুন মোড় তৈরি হলো।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকারকে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭(১) ধারা অনুযায়ী এই প্রশাসক নিয়োগের আদেশ জারি করা হয়েছে। আদেশে প্রশাসককে দায়িত্ব গ্রহণের পর নির্ধারিত ১২০ দিনের মধ্যে বিধি মোতাবেক একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পাশাপাশি নির্বাচনের ফলাফল ও সার্বিক বিষয় মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের ওই অফিস আদেশে সংগঠনটির বর্তমান অবস্থার পর্যালোচনা তুলে ধরে বলা হয়েছে, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ একটি লাইসেন্সপ্রাপ্ত ও নিবন্ধিত বাণিজ্য সংগঠন হওয়া সত্ত্বেও এর সার্বিক কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে না। অভ্যন্তরীণ ও চলমান নানা সমস্যার কারণে সংগঠনটি পরিবহন খাতে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে। ফলে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭(১) ধারা অনুযায়ী সংগঠনটির কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না বলে মন্ত্রণালয়ের কাছে প্রতীয়মান হয়েছে। আদেশে আরও উল্লেখ করা হয়, সংগঠনের বিদ্যমান অচলাবস্থা নিরসন করে কার্যক্রম গতিশীল করতে বাণিজ্য সংগঠন আইন, ২০২২, বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫ এবং সংগঠনের নিজস্ব সংঘস্মারক ও সংঘবিধি অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত জরুরি।
অনুসন্ধানে জানা গেছে, এই প্রশাসক নিয়োগের নেপথ্যে রয়েছে সংগঠনটির ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন নিয়ে তৈরি হওয়া তীব্র বিতর্ক। এর আগে গত ৩০ অক্টোবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সংগঠনটির ২১টি পদের সবকটিতেই ‘শান্তনু-হেলাল’ পরিষদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তৎকালীন নির্বাচন কমিশনের ঘোষণাপত্র অনুযায়ী, সভাপতি পদে মো. মাহবুবুর রশীদ শান্তনু এবং সাধারণ সম্পাদক পদে মো. নজরুল ইসলাম হেলালসহ সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সহসাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও কার্যনির্বাহী সদস্য মিলিয়ে মোট ২১ জনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছিল। তবে একতরফা ও প্রশ্নবিদ্ধ এই নির্বাচনি প্রক্রিয়া নিয়ে সাধারণ সদস্যদের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন উঠলে বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়ের নজরে আসে।
নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফল ঘোষণার ঠিক একদিন আগে অর্থাৎ গত ২৮ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে জারি করা এক আদেশে রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে ২১ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত করা হয়েছিল এবং নতুন নির্বাচনি তফসিল ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছিল। সংগঠনটির সাধারণ সদস্য মো. আসাদুজ্জামানের লিখিত অভিযোগ ও আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় ওই নির্দেশনা জারি করে। অভিযোগকারী আসাদুজ্জামানের দাবি ছিল, কোনো প্রকার বার্ষিক সাধারণ সভা না করে এবং বিগত দুই বছরের আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব উপস্থাপন ছাড়াই তড়িঘড়ি করে নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়েছিল। তিনি সংগঠনের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করে ভোটার তালিকা হালনাগাদ এবং নিরপেক্ষ নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠনের মাধ্যমে সবার অংশগ্রহণে অবাধ নির্বাচনের দাবি জানিয়েছিলেন।
কিন্তু মন্ত্রণালয়ের সেই স্থগিতাদেশ উপেক্ষা করেই পরদিন ২৯ অক্টোবর তৎকালীন নির্বাচন কমিশন ২১ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। মন্ত্রণালয়ের নির্বাচন স্থগিতের নির্দেশ এবং নির্বাচন কমিশনের পাল্টা ফল ঘোষণার এই সাংঘর্ষিক অবস্থানকে ঘিরে পরিবহন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় সর্বশেষ ১৫ নভেম্বরের অফিস আদেশে প্রশাসক নিয়োগের মধ্য দিয়ে সংগঠনটির দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন নির্বাচন আয়োজনের পূর্ণ দায়িত্ব প্রশাসনের হাতে ন্যস্ত করা হলো।
পরিবহন খাত সংশ্লিষ্টদের মতে, আগামী ১২০ দিনের মধ্যে নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করে একটি সর্বজনগ্রাহ্য নির্বাচন আয়োজনের নির্দেশ বাস্তবায়নই এখন নবনিযুক্ত প্রশাসকের প্রধান চ্যালেঞ্জ। নির্ধারিত সময়ের মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে সংগঠনটির দায়িত্ব হস্তান্তর করতে হবে।
এদিকে, মন্ত্রণালয়ের প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত ও পূর্ববর্তী নির্বাচনি বিতর্কের বিষয়ে জানতে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সভাপতি: মাহবুবুর রশীদ শান্তনুর বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তাকে খুদেবার্তাও পাঠানো হয়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ফোন রিসিভ করেননি এবং খুদেবার্তারও কোনো জবাব দেননি। অন্যদিকে, এ বিষয়ে প্রতিক্রিয়া ও পরবর্তী কর্মপরিকল্পনা জানতে নবনিযুক্ত প্রশাসক ও রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।