মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › রাবিতে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬-২৭

রাবিতে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬-২৭

favicon
স্টাফ রিপোর্টার :
রাবিতে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬-২৭
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় স্টেডিয়ামে ৩৯টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২৭-এর উদ্বোধন করছেন রাবি উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামসহ অতিথিবৃন্দ।

দেশের ৩৯টি পাবলিক ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিদদের অংশগ্রহণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে ‘বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২৭’। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মাঠে নামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। আগামী ১৬ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত টানা নয় দিনব্যাপী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাঠে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর এই মর্যাদাপূর্ণ ফুটবল আসর অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাবি উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম খেলোয়াড়সুলভ মানসিকতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রীড়াবিদ, ম্যানেজার ও কোচদের এই মাঠে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সকল খেলোয়াড়, কর্মকর্তা-কর্মচারী ও দর্শকদের প্রতি অনুরোধ থাকবে, মাঠে যারা দাঁড়িয়ে আছেন তারা সবাই আমাদের সম্মানিত অতিথি এবং এই অতিথিদের যথাযথ সম্মান করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। এ সময় তিনি সতর্ক করে আরও বলেন, গ্যালারির উত্তাপ যেন কোনোভাবেই মাঠে না যায় এবং মাঠের উত্তাপও যেন গ্যালারিতে ছড়িয়ে না পড়ে।

অতীতের অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে উপাচার্য বলেন, অত্যন্ত দুঃখজনক বিষয় যে, অনেক সময় সামান্য ব্যাপার নিয়ে কোনো ঘটনা অনেক দূর গড়িয়ে যায়। আমরা আশা করব, এই টুর্নামেন্টে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। আয়োজক হিসেবে চারটি গেমসের সম্পূর্ণ সহযোগিতা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রদান করবে এবং টুর্নামেন্ট সফল করতে সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতাও কামনা করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অধিকর্তা ও আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আরিফুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি অংশগ্রহণকারী ৩৯টি বিশ্ববিদ্যালয়কে মতিহারের সবুজ চত্বরে স্বাগত জানিয়ে বলেন, অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে টুর্নামেন্টের সবগুলো খেলা সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী। এই বিশাল ক্রীড়াযজ্ঞ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ। এ ছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ক্রীড়া কর্মকর্তা, ম্যানেজার এবং বিপুলসংখ্যক ক্রীড়ামোদী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।