সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ঢাকা
দৈনিক উপচার
রিপোর্টার আবেদন আর্কাইভ উপচার পরিবার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী স্পেশাল রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য কৃষি মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › গাড়ি ছাড়াতে ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ সাবেক ওসি ও এসআইয়ের বিরুদ্ধে

গাড়ি ছাড়াতে ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ সাবেক ওসি ও এসআইয়ের বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জে সাবেক নারী ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
favicon
ফয়সাল আজম অপু,চাঁপাইনবাবগঞ্জ :
গাড়ি ছাড়াতে ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ সাবেক ওসি ও এসআইয়ের বিরুদ্ধে
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে সাবেক ওসি মোহা. নূরে আলম ও এসআই আরিফের বিরুদ্ধে হয়রানি ও ঘুষ দাবির বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. মাহফুজা খাতুন।

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় থানায় আটকে রাখা একটি প্রাইভেটকার ছাড়িয়ে নিতে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি এবং টাকা না দেওয়ায় দীর্ঘ ৯ মাস ধরে হয়রানি ও পুলিশ হেফাজতে গাড়ি ভাঙচুর করার এক গুরুতর অভিযোগ উঠেছে সদর মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. নূরে আলম ও উপপরিদর্শক (এসআই) আরিফের বিরুদ্ধে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. মাহফুজা খাতুন। সংবাদ সম্মেলনে তিনি এই হয়রানির ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী পুলিশ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি ও তাঁর পরিবার পুলিশের অব্যাহত হুমকি ও মিথ্যা মামলার আশঙ্কা থেকে সুরক্ষা পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

লিখিত বক্তব্যে মাহফুজা খাতুন জানান, চলতি বছরের ৬ জানুয়ারি রাজশাহী থেকে চিকিৎসা গ্রহণ শেষে তিনি তাঁর ব্যক্তিগত প্রাইভেটকারে চড়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আমনুরা টপাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা অতিরিক্ত যাত্রী বোঝাই দুটি বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাঁর গাড়ির সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ৯ বছর বয়সী এক শিশু আহত হয়। খবর পেয়ে আমনুরা পুলিশ ফাঁড়ির সদস্যরা দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার এবং দুটি অটোরিকশা আটক করে সদর থানায় নিয়ে যান।

পরবর্তীতে তাঁর জিম্মায় গাড়িটি ছেড়ে দেওয়ার অনুরোধ করা হলে তৎকালীন সদর থানার ওসি মোহা. নূরে আলম ও তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফ গাড়িটি ছাড়ানোর বিনিময় হিসেবে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন। তবে সম্পূর্ণ অন্যায় ও বেআইনি এই ঘুষের টাকা দিতে অপারগতা প্রকাশ করায় পুলিশ ক্ষুব্ধ হয়ে কোনো মামলা বা আইনি জব্দ তালিকা (সিজার লিস্ট) ছাড়াই গাড়িটি থানার খোলা আকাশের নিচে প্রায় ১৬ দিন ফেলে রাখে। পরবর্তীতে ঘটনার প্রায় ১৬ দিন পর তাঁর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয় এবং গত প্রায় নয় মাস ধরে তাঁকে নানাভাবে হয়রানি করা হয়।

সাবেক এই জনপ্রতিনিধি আরও অভিযোগ করেন, পুলিশি অন্যায় ও হয়রানির শিকার হয়ে তিনি ঘটনার প্রতিকার ও ওসির বিরুদ্ধে আদালতে মামলা করতে গেলেও তৎকালীন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নানা অজুহাতে তাঁর মামলাটি গ্রহণ করেননি। অবশেষে দীর্ঘ আইনি লড়াই ও নয় মাসের মানসিক ও আর্থিক হয়রানি শেষে গত ২৭ সেপ্টেম্বর আদালতের আদেশে তিনি তাঁর প্রাইভেটকারটি জিম্মায় পান।

তবে জিম্মায় পাওয়া গাড়িটির অবস্থা দেখে তিনি স্তব্ধ হয়ে যান। গাড়িটি বুঝে নিতে গিয়ে তিনি দেখতে পান, দুর্ঘটনার সময় গাড়িটির যে স্বাভাবিক ক্ষয়ক্ষতি হয়েছিল, বর্তমানে এটি আর সেই অবস্থায় নেই। দীর্ঘ সময় পুলিশ হেফাজতে থাকার পরও গাড়িটির পেছনের অংশ, কাচ এবং ভেতরের বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ও অংশ ভাঙচুর ও নষ্ট করা হয়েছে। তিনি ক্ষোভের সঙ্গে জানান, চাহিদামতো ঘুষের টাকা না পেয়ে ক্ষোভের বশে পুলিশ সদস্যরা হেফাজতে থাকা তাঁর এই শখের গাড়িটি ইচ্ছাকৃতভাবে ভাঙচুর করেছেন, যার জন্য সরাসরি পুলিশ প্রশাসনই দায়ী।

মাহফুজা খাতুন শঙ্কা প্রকাশ করে বলেন, ক্ষমতাশালী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মুখ খোলায় সংবাদ সম্মেলনের পর তাঁকে বা তাঁর পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হতে পারে কিংবা গ্রেপ্তার বা শারিরীক ক্ষতির শিকার হতে পারেন। এ কারণে তিনি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পরিবারের নিরাপত্তা ও পুলিশের বিরুদ্ধে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের জোর দাবি জানান।

এ বিষয়ে জেলা পুলিশ অফিসের অপরাধ শাখায় কর্মরত তৎকালীন ওসি মোহা. নূরে আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে করা প্রতিটি অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তবে অভিযোগগুলোর সত্যতা অনুসন্ধানে এবং সংশ্লিষ্ট এসআই আরিফসহ অন্যান্যদের বক্তব্য বিস্তারিত জানতে পারলে তা পরবর্তীতে গুরুত্বের সঙ্গে প্রচার করা হবে।