রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় লিমনের ফাঁসি
রাজশাহীতে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ রহমান সুমন হত্যা মামলায় একমাত্র আসামি লিমন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার অন্যান্য ধারায় তাঁকে পৃথকভাবে ১০ বছর করে কারাদণ্ড এবং মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ-২ আদালতের বিচারক রেজাউল করিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হওয়ার এক দিন আগে আদালতের এ রায় ঘোষণা করা হলো।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৩ নভেম্বর রাজশাহী মহানগরীর ডাবতলা এলাকায় বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় বিচারকের ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ রহমান সুমন ছুরিকাঘাতে নিহত হয়। একই ঘটনায় ছুরিকাঘাতে আহত হন বিচারকের স্ত্রী।
ঘটনার পর পুলিশ অভিযুক্ত লিমন মিয়াকে আটক করে। আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১৪ নভেম্বর বিচারক মোহাম্মদ আবদুর রহমান নিজে বাদী হয়ে রাজপাড়া থানায় লিমন মিয়াকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ গ্রেপ্তার লিমনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তী সময়ে মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হয়।
বিচার চলাকালে মামলার বাদী ও তৎকালীন রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রহমানসহ মোট ২৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করেন।
রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আলী আশরাফ মাসুম বলেন, এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আদালত তাঁর পর্যবেক্ষণে ঘটনাটিকে আইন ও বিচার বিভাগের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন। বিচারব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তার বিষয়টিও এ ঘটনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তিনি আরও জানান, বিচারকের স্ত্রীর কাছ থেকে টাকা ধার নেওয়া এবং তা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। সেই বিরোধের জেরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে রাষ্ট্রপক্ষের বক্তব্য।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মামুন অর রশিদ জানিয়েছেন, তাঁরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত লিমন মিয়া গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামের বাসিন্দা।