বুধবার, 11 নভেম্বর 2026 ঢাকা
দৈনিক উপচার

দৈনিক উপচার

প্রচ্ছদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক রাজশাহী রাজনীতি অর্থনীতি আইন আদালত তথ্য প্রযুক্তি সাহিত্য বিনোদন সম্পাদকীয় খেলা ভিডিও শিক্ষা আরোও অন্যান্য ইভেন্ট কৃষি জীবন যাপন মতামত ধর্ম স্বাস্থ্য ই-পেপার
হোম › রাজশাহী › জুলাই আন্দোলনের মামলায় সব আসামির অব্যাহতি
বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

জুলাই আন্দোলনের মামলায় সব আসামির অব্যাহতি

favicon
স্টাফ রিপোর্টার :
জুলাই আন্দোলনের মামলায় সব আসামির অব্যাহতি
‘ছবি সংগৃহীত’

জুলাই গণঅভ্যুত্থানের পর রাজশাহীতে দায়ের করা একটি আলোচিত মামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও বোমা বিস্ফোরণের অভিযোগে দায়ের করা মামলাটির দীর্ঘ তদন্তে এসব ঘটনার কোনো প্রমাণ পায়নি পুলিশ। এমনকি বাদীর বাড়ির আশপাশের বাসিন্দারাও কথিত হামলা, লুটপাট কিংবা বিস্ফোরণের বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষীও হাজির করতে পারেননি বাদী।

তদন্ত শেষে মামলাটিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে সব আসামিকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা। একই সঙ্গে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদীর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ২১১ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাদীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন বিচারক।

মামলার আসামিদের অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাঁদের মধ্যে রয়েছেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মোমিন, নগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, সাবেক সভাপতি রমজান আলী এবং নগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেনসহ অন্যরা।

রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ সূত্রে জানা গেছে, নগরীর বোয়ালিয়া থানার সুলতানাবাদ মহল্লার বাসিন্দা ও শ্রমিকদল নেতা শাহজাহান আলী ২০২৪ সালের ১৯ আগস্ট বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

মামলার এজাহারে শাহজাহান আলী অভিযোগ করেন, জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাঁর বাড়িতে হামলা চালানো হয়। এ সময় বাড়িতে ভাঙচুর, লুটপাট ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন আসামিরা। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

এজাহারের বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৭ জুলাই দুপুর পৌনে ৩টার দিকে আব্দুল মোমিনের নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র, গানপাউডার ও আগ্নেয়াস্ত্র নিয়ে বাদীর বাড়িতে হামলা চালান। হামলাকারীরা বাড়ির একটি আলমারি ভেঙে পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ ২৫ হাজার টাকা লুট করেন বলে অভিযোগ করা হয়। পরে বাড়ির সামনে দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় আশপাশের কয়েকটি বাড়িতেও হামলা ও ভাঙচুর চালানো এবং প্রতিবেশীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়।

জুলাই আন্দোলনকেন্দ্রিক মামলা হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তদন্তের দায়িত্ব মহানগর গোয়েন্দা শাখাকে (ডিবি) দেয়। একাধিক তদন্ত কর্মকর্তার হাত ঘুরে সর্বশেষ মামলাটির তদন্তভার পান ডিবির উপপরিদর্শক (এসআই) শাহ আলী মিয়া। তদন্ত কার্যক্রম তদারকি করেন আরএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হোসেনসহ পুলিশের চারজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তাঁরাও একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেন।

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, তদন্ত কর্মকর্তা ও তদারকি কর্মকর্তারা একাধিকবার ঘটনাস্থলে গিয়ে সরেজমিন অনুসন্ধান করেন। ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় এজাহারে উল্লেখ করা সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করা হয়। পাশাপাশি বাদীর বাড়ির আশপাশের বাসিন্দা ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের বক্তব্য নেওয়া হয়।

তদন্তে জিজ্ঞাসাবাদ করা কোনো প্রতিবেশীই ঘটনার দিন বাদীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট কিংবা বোমা বিস্ফোরণের বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। তাঁদের কেউই এ ধরনের ঘটনার প্রত্যক্ষদর্শী বলেও জানাননি।

এ ছাড়া তদন্ত কর্মকর্তার পক্ষ থেকে বাদীকে ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী হাজির করতে বলা হলেও তিনি তা করতে পারেননি। দীর্ঘ অনুসন্ধান ও তদন্তের পরও অভিযোগের পক্ষে পর্যাপ্ত তথ্য-প্রমাণ না পাওয়ায় মামলাটিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করা হয়েছে চূড়ান্ত প্রতিবেদনে। এতে মামলার সব আসামিকে অব্যাহতির সুপারিশের পাশাপাশি বাদীর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ২১১ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা এসআই শাহ আলী মিয়া সোমবার (৯ নভেম্বর) স্ট্রিমকে বলেন, প্রকাশ্যে ও গোপনে ব্যাপক অনুসন্ধান চালিয়েও বাদীর অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। পাড়া-প্রতিবেশীসহ মহল্লার অধিকাংশ মানুষের সঙ্গে কথা বলা হয়েছে। তাঁরাও এ ধরনের কোনো ঘটনার বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। বাদীও কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী হাজির করতে পারেননি। এ কারণে সব আসামিকে অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। মিথ্যা মামলা দায়েরের কারণে বিধি অনুযায়ী বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, তদন্ত কর্মকর্তার দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক আশিকুর রহমান বাদী শাহজাহান আলীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে বাদী শাহজাহান আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।