খেলাধুলা শেষে মহানন্দায় গোসল, স্রোতে ভেসে প্রাণ গেল দুই বন্ধুর
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর ভাটোপাড়া এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে খেলাধুলা শেষে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণেরা হলেন—মহিপুর ভাটোপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সুজন ওরফে সান (১৯) এবং একই গ্রামের সোবহানের ছেলে সাব্বির আহমেদ (১৯)। তাঁরা দুজনেই স্থানীয় কলেজের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে চার বন্ধু একসঙ্গে মাঠে খেলাধুলা শেষ করে বাড়ির পাশে মহানন্দা নদীতে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতের মুখে পড়ে সুজন ও সাব্বির গভীর পানিতে তলিয়ে যান। তাঁদের সঙ্গে থাকা অন্য বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে নদীতে তল্লাশি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর স্থানীয় বাসিন্দারা নদী থেকে দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাঁদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেন উদ্ধারকারীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবরাতলা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ইউসুফ আলী জানান, বন্ধুরা মিলে খেলাধুলা শেষে নদীতে নেমেছিল। স্রোতের কারণে দুজন নিখোঁজ হলে স্থানীয়দের সহায়তায় তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। একসঙ্গে দুই তরুণের এমন অকাল প্রয়াণে পরিবার ও গোটা এলাকায় শোকের মাতম চলছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, মহানন্দা নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে এবং তাদের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।