পাঁচ দিনব্যাপী কর্মসূচি দিয়ে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে পাঁচ দিনব্যাপী বিস্তৃত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
এর আগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দলের যুগ্ম মহাসচিববৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।
সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরে রুহুল কবির রিজভী জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর সকাল ৯টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করবেন। এ ছাড়া আগামী ৫ সেপ্টেম্বর দলের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে আলোচনা সভার আয়োজন করা হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে পরিবেশবান্ধব সামাজিক উদ্যোগের আওতায় দেশব্যাপী মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচির নেতৃত্বে থাকবেন দলের যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল এবং বৃক্ষরোপণ কর্মসূচির তদারকি করবেন যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। সুবিধাজনক দিনক্ষণ চূড়ান্ত করে এসব কর্মসূচি মাঠপর্যায়ে বাস্তবায়ন করা হবে। এ ছাড়া খসড়াভুক্ত অন্যান্য কর্মসূচি দলীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে জানানো হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে রুহুল কবির রিজভী বলেন, দেশের স্বাধীনতা অর্জনে এবং মুক্তিযুদ্ধের ক্রান্তিলগ্নে জাতিকে ঐক্যবদ্ধ ও উদ্বুদ্ধ করেছিলেন জিয়াউর রহমান। পরবর্তীতে ১৯৭৫ সালের ৭ নভেম্বর দায়িত্ব গ্রহণের পর তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র, মানুষের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করেন। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তি গড়ে তুলতেই তিনি বিএনপি প্রতিষ্ঠা করে দেশকে উন্নয়ন ও উৎপাদনের ধারায় এগিয়ে নিয়েছিলেন।