কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ বিএমডিএ চেয়ারম্যানের
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চলমান উন্নয়ন প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি, মাঠপর্যায়ের কার্যক্রম, আধুনিক সেচ ব্যবস্থাপনা এবং বাস্তবায়ন প্রক্রিয়ার বিভিন্ন প্রতিবন্ধকতা দূরীকরণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিএমডিএর রাজশাহী প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন।
সভায় বরেন্দ্র অঞ্চলের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাঠপর্যায়ের অগ্রগতি বিস্তারিত পর্যালোচনা করা হয়। একই সঙ্গে কৃষকদের দোরগোড়ায় আধুনিক সেচ সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা এবং দ্রুত সমাধানের উপায় নিয়ে প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে বিএমডিএর চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন বলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, যা এ অঞ্চলের কৃষি ও সাধারণ মানুষের জীবনমানের টেকসই উন্নয়নে দীর্ঘকাল ধরে অগ্রণী ভূমিকা রাখছে। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের অধীনে কৃষি ও কৃষকের সামগ্রিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করা হচ্ছে। কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি, পানির সুষ্ঠু ও সাশ্রয়ী ব্যবহার এবং কৃষিকে আধুনিক ও লাভজনক রূপান্তরে বিএমডিএর ভূমিকা অপরিসীম।
তিনি আরও জোর দিয়ে বলেন, বরেন্দ্র অঞ্চলের অর্থনীতির মূল চালিকাশক্তি হলেন স্থানীয় কৃষকেরা। তাই কৃষকদের স্বার্থ রক্ষা এবং দ্রুত সেবা প্রদানই কর্মকর্তাদের মূল দায়িত্ব হওয়া উচিত। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের মান বজায় রেখে কাজ শেষ করার আহ্বান জানান তিনি।
সভায় বিএমডিএর নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান বলেন, প্রকল্পের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট মেয়াদের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে। মাঠপর্যায়ে উদ্ভূত যেকোনো সমস্যা দ্রুত সমাধানের মাধ্যমে সংস্থার কার্যক্রমকে আরও কৃষকবান্ধব করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় বিএমডিএর পরিচালনা বোর্ডের সদস্য শফিকুল আলম সমাপ্ত, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলীবৃন্দ, নির্বাহী প্রকৌশলী ও সচিব মো. এনামুল কাদিরসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী ও মাঠপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।