রাজশাহী সিটিতে সৌন্দর্য বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার
রাজশাহী মহানগরীর পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত এবং এর নান্দনিক সৌন্দর্য আরও বৃদ্ধি করার লক্ষ্যে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে নগরজুড়ে নিয়মিত এবং বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সকালে নগরীর ব্যস্ততম অক্ট্রয় মোড় সংলগ্ন রুয়েট প্রাচীর থেকে ফ্লাইওভার পর্যন্ত গুরুত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এই ঝটিকা অভিযানের সময় ফুটপাতের ওপর অবৈধভাবে জন্মানো আগাছা নিধন, সড়কের ওপর জমে থাকা কাদামাটি ও ময়লা-আবর্জনা অপসারণ এবং ড্রেনের মুখে আটকে থাকা মাটি ও জঞ্জাল পরিষ্কার করা হয়। এর ফলে একদিকে যেমন সড়ক ও ফুটপাতের স্বাভাবিক পরিচ্ছন্নতা নিশ্চিত হয়েছে, অন্যদিকে তেমনি নগরীর গুরুত্বপূর্ণ এই এলাকার ড্রেনেজ ব্যবস্থার স্বাভাবিক পানি নিষ্কাশন প্রবাহ সচল রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।
নগরবাসীর স্বস্তিদায়ক চলাচল নিশ্চিত করা এবং রাজশাহী মহানগরীকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে রাসিকের এ ধরনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার সময় রাজশাহী সিটি কর্পোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, মনিটরিং কর্মকর্তা (মশক) এবং অন্যান্য পরিচ্ছন্নতা সুপারভাইজারগণ উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন।