হবিগঞ্জে এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে ঢাকায় চোখে ব্যান্ডেজ বেঁধে প্রতিবাদ
হবিগঞ্জে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির সংগঠক আলিফ চৌধুরীর ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং তার হারিয়ে যাওয়া দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার দাবিতে চোখে ব্যান্ডেজ বেঁধে অভিনব প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (৩ আগস্ট) রাজধানী ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত ‘শহিদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। সভায় বক্তব্য দেওয়ার জন্য তার নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গেই তিনি মঞ্চের পর্দার আড়ালে চলে যান। এর প্রায় এক মিনিট পর পুনরায় মাইক্রোফোনের সামনে এসে দাঁড়ালে উপস্থিত নেতাকর্মীরা তার চোখে সাদা ব্যান্ডেজ বাঁধা দেখতে পান, যা পুরো মিলনায়তনে এক আবেগঘন ও থমথমে পরিবেশের সৃষ্টি করে।
জানা গেছে, সম্প্রতি হবিগঞ্জে এনসিপির একটি নির্ধারিত কর্মসূচি চলাকালে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের অতর্কিত হামলায় এইচএসসি পরীক্ষার্থী ও ছাত্রশক্তি নেতা আলিফ চৌধুরী গুরুতর আহত হন। এই বর্বরোচিত হামলায় তার একটি চোখ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি দৃষ্টিশক্তি হারান। মূলত এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতেই এনসিপি নেতার এই প্রতীকী প্রতিবাদ।
আলোচনা সভায় আবেগপ্রবণ কণ্ঠে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশ্ন রেখে বলেন, ‘এখানে লেখা আছে, আলিফের চোখ ফিরিয়ে দিন, ফিরিয়ে দিতে পারবে? কোথা থেকে দিবে, নিজেরই তো চোখ নাই। চোখ থাকলে কী আলিফের সেই কান্নাটা দেখতো না। আলিফের চিকিৎসার ব্যবস্থা করতো না?’ তিনি অবিলম্বে এই নৃশংস হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী আলিফ চৌধুরীর সুচিকিৎসা ও পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের জোরালো দাবি জানান।