শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণ
ণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ৫ আগস্ট একটি ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ করার বিষয়ে ভারতের সরকারের সুনির্দিষ্ট অবস্থান স্পষ্টভাবে জানতে চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে, ভারতের মাটিতে বসে এ ধরনের প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ কথা জানান। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ আগস্ট দিল্লির একটি ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হবেন।
এপ্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে দিল্লির সরকারের প্রকৃত অবস্থান কী, তা পরিষ্কার করার জন্য আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হয়েছে। একই ব্রিফিংয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ও সমসাময়িক ভূ-রাজনীতি নিয়ে কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি জানান, বাংলাদেশের সঙ্গে মেরিটাইম বা সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবেই যুক্তরাষ্ট্রের ২২ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে ঢাকা সফর করছেন। এটি মূলত মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক কৌশলেরই একটি অংশ।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্বের বা নতুন যেকোনো চুক্তি দেশের স্বার্থ সংরক্ষিত হলেই কেবল তা বহাল থাকবে এবং সরকারের পক্ষ থেকে তার ধারাবাহিকতা বজায় রাখা হবে বলে স্পষ্ট করেন তিনি।