ছাত্রদলের ঐতিহ্যবাহী দেয়াল লিখন ঢেকে ব্যক্তিগত ব্যানার
রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের ঐতিহ্যবাহী দেয়াল লিখনের ওপর সংগঠনের দুই নেতার ছবিসংবলিত ব্যানার টানানোকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বিষয়টিকে আত্মপ্রচারমূলক কর্মকাণ্ড উল্লেখ করে অনেক নেতাকর্মী এর সমালোচনা করছেন।
কলেজ সূত্রে জানা যায়, কলেজ মিলনায়তনের সামনে অবস্থিত দেয়াল লিখনটি ১৯৯১ সালে তৎকালীন ছাত্র সংসদের নির্বাচিত জাতীয়তাবাদী ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিরা তৈরি করেন। এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতি ও তাঁর বিভিন্ন বাণী সংযুক্ত ছিল। পরবর্তী সময়ে কয়েক দফায় দেয়াল লিখনটি সংস্কার ও পুনর্লিখন করা হলেও এর ওপর কখনো কোনো ব্যক্তিগত ব্যানার বা ছবি টানানো হয়নি।
ছাত্রদলের নেতাকর্মীরা জানান, ১৯৯১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দেয়াল লিখনটিতে ছাত্রদলের ঐতিহ্য ও পরিচয় বহাল ছিল। ২০২১ সালে ছাত্রলীগের নেতাকর্মীরা এটি মুছে ফেলেন বলে তাদের দাবি। এরপর গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা পুনরায় দেয়াল লিখনটি তৈরি করেন।
সম্প্রতি ওই দেয়াল লিখনের ওপর একটি ব্যানার টানানো হয়েছে, যেখানে সদ্য বিলুপ্ত হওয়া কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ অন্তর এবং নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি রাইনুদ্দিন রানার ছবি ব্যবহার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সংগঠনের ভেতরে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রদল নেতা অভিযোগ করেন, সংগঠনের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী দেয়াল লিখনের ওপর ব্যক্তিগত ছবি ব্যবহার করে ব্যানার টানানো অনাকাঙ্ক্ষিত ও দৃষ্টিকটূ। তাদের ভাষ্য, আগের কমিটি বিলুপ্ত হওয়ার পরও প্রভাব বিস্তারের উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ড করা হয়ে থাকতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়াসিফ আব্দুল্লাহ বলেন, “এই দেয়াল লিখনটি শুধু একটি দেয়ালচিত্র নয়, এটি কলেজে ছাত্রদলের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস ও ঐতিহ্যের অংশ। ১৯৯১ সালে ছাত্র সংসদের নেতারা এটি প্রথম তৈরি করেছিলেন। এমনকি আওয়ামী লীগ সরকারের সময়ও এটি বহাল ছিল। ২০২১ সালে ছাত্রলীগ প্রতিহিংসাবশত এটি মুছে দেয়। পরে আমরা আবার তা পুনর্নির্মাণ করি। সেই ঐতিহ্যবাহী দেয়াল লিখনের ওপর ব্যক্তিগত ছবি ব্যবহার করে ব্যানার টানানো দুঃখজনক।”
অভিযোগের বিষয়ে সদ্য সাবেক আহ্বায়ক সাব্বির আহমেদ অন্তর বলেন, “আমি বিষয়টি দেখেছি। তবে ব্যানারটি আমি টানাইনি। ছোট ভাইয়েরা এটি করেছে। এতে সমস্যা কোথায়? আগে যেমন ছাত্রদলের দেয়াল লিখন ছিল, এখনো ছাত্রদলের স্লোগান ও বার্তাই প্রচার করা হচ্ছে।”
এ বিষয়ে রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।”
এদিকে ঘটনাটি নিয়ে কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সংগঠনের ঐতিহ্য ও ভাবমূর্তি রক্ষায় ব্যক্তিকেন্দ্রিক প্রচারণার পরিবর্তে দলীয় পরিচয় ও আদর্শকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন।