আত্রাইয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী কাউসার গ্রেফতার
নওগাঁর আত্রাই উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকের অন্যতম শীর্ষ ডিলার কাউসার (২২) গ্রেফতার হয়েছে। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদকজাতীয় ইনজেকশন ও সিরিঞ্জ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় আত্রাই থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার পাচুপুর ইউনিয়নের গান্ধীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী কাউসারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কাউসার উপজেলার ভর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তার বাড়ি তেতুলিয়া এলাকায়। পুলিশ জানায়, তার হেফাজত থেকে ৩৫০ পিস বিভিন্ন ধরনের মাদকজাতীয় এমপোল ইনজেকশন এবং ১৫টি ইনজেকশন সিরিঞ্জ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাউসার পুলিশকে জানায়, সীমান্তবর্তী হিলি এলাকা থেকে সে নিজেই এসব মাদক সংগ্রহ করে এনে স্থানীয়ভাবে বিক্রি করত। উদ্ধার হওয়া ইনজেকশনগুলোর চালানও সে হিলি থেকে নিয়ে এসেছে বলে স্বীকার করেছে।
পুলিশ আরও জানায়, কাউসার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ইতোমধ্যে আটটি মাদক মামলা রয়েছে। তাকে গ্রেফতার করতে পারায় স্থানীয়দের মাঝে স্বস্তি ও সন্তোষ দেখা গেছে।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আত্রাই থানা এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক নির্মূলে সাধারণ জনগণকে থানা পুলিশকে তথ্য ও সহযোগিতা দেওয়ার আহ্বান জানান তিনি।