কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে — কৃষক সমাবেশে বক্তারা
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত “কৃষক সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান”-এ বক্তারা বলেছেন, কৃষক ও শ্রমিক দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকের উন্নয়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও সাবেক এমপি জনাব মোঃ হারুনুর রশিদ। তিনি বক্তব্য বলেন, কৃষিকে আধুনিক ও লাভজনক করতে নতুন প্রযুক্তির ব্যবহার, কৃষকদের প্রশিক্ষণ এবং উৎপাদিত ফসলের সঠিক বাজার ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হবে। বিএনপি সরকার কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন বলেও উল্লেখ করেন। কৃষি ক্ষেত্রে কৃষকের জন্য যেকোনো সুযোগ সুবিধা ও ভর্তুকি দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট সাংবাদিক ফয়সাল আজম অপু বলেন, “কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে, মানুষ ভালো থাকবে”—এটি শুধু একটি শ্লোগান নয়, বরং বাস্তব সত্য। কৃষকের কঠোর পরিশ্রমের ফলেই দেশের মানুষ খাদ্যের নিশ্চয়তা পায়। তাই কৃষকদের সম্মান, অধিকার ও ন্যায্যমূল্য নিশ্চিত করা সকলের দায়িত্ব।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে কৃষকদের কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ, ফসলের ন্যায্যমূল্য না পাওয়া এবং জলবায়ু পরিবর্তনের মতো নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এসব সমস্যা সমাধানে সরকার, কৃষি বিভাগ, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন মানুষদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভা বাংলাদেশ সংযুক্ত কৃষক ও ক্ষেত মজুুর সমিতির চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি মোঃ আবু বাক্কারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহিন আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ সুনাইন বিন জামান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব সাদরুল ইসলাম সানি, বীর মুক্তিযোদ্ধা কমরেড মোঃ হুমায়ুন কবির।
এছাড়াও কৃষক, ক্ষেতমজুর, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা আন্তর্জাতিক শ্রমিক দিবসে সকল শ্রমজীবী মানুষ ও কৃষকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
দেশের সকল কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠান শেষে জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গম্ভীরা অনুষ্ঠিত হয়।