জরুরি ভিত্তিতে ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক বাজার থেকে তিন লাখ টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার ছুটির দিনেও ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অর্থ মন্ত্রণালয় রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে দেশের জ্বালানি চাহিদা পূরণে দ্রুত ব্যবস্থা নিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরাসরি ক্রয়পদ্ধতিতে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্ট থেকে ১ লাখ টন এবং সুপারস্টার ইন্টারন্যাশনাল গ্রুপ থেকে ২ লাখ টন ডিজেল কেনা হবে।
এর আগে ইরানকে ঘিরে সংঘাতের জেরে প্রায় দুই লাখ টন অপরিশোধিত জ্বালানিবাহী দুটি জাহাজ দেশে পৌঁছাতে বিলম্ব হচ্ছে বলে জানা যায়। এ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার পরিশোধিত ডিজেল আমদানির এ জরুরি উদ্যোগ নেয়।