জাতীয় স্বার্থ ক্ষুণ্ন করে কোনো কূটনীতিতে যাবে না বাংলাদেশ
বাংলাদেশ বিশ্বের সকল দেশের সাথে সমান অধিকার এবং মর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে কোনো ধরনের শর্ত বা আধিপত্যের ভিত্তিতে প্রকৃত বন্ধুত্ব গড়ে উঠতে পারে না; বরং প্রতিটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমেই দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করতে হবে।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘সমতা, পারস্পরিক সম্মান এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার মাধ্যমেই সরকারের পররাষ্ট্রনীতি পরিচালিত হবে। পারস্পরিক আমন্ত্রণের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক আরও গতিশীল করা হবে।’
ভারতের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে তিনি বলেন, কোনো ধরনের স্বার্থের বেড়াজাল ছাড়াই যদি ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তবে বর্তমান সরকার তাকে ইতিবাচকভাবে স্বাগত জানাবে। তবে জাতীয় স্বার্থ ক্ষুণ्ণ করে বা অসম মর্যাদার কোনো চুক্তিতে বাংলাদেশ এগোবে না। ভারতের সাথে সম্পর্ক অবশ্যই সমমর্যাদার ভিত্তিতে হতে হবে এবং এর ব্যত্যয় ঘটলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।
এ সময় তিনি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গৃহীত বিভিন্ন জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক কার্যক্রম সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সক্রিয়ভাবে মাঠে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।