ভারতে বসে ফ্যাসিস্ট হাসিনা ষড়যন্ত্র করছেন
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রতিবেশী দেশ ভারতে বসে দেশের বিরুদ্ধে নতুন করে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। টানা সতের বছর অবৈধভাবে দেশ শাসন করে তিনি সমস্ত রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করে দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) বেলা ১১টার দিকে নাটোর সদর উপজেলার হয়বতপুর বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবন ও নবনির্মিত রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু বলেন, এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ফুঁসে ওঠার পরই শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। বর্তমানে সেখানে বসেই তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের সঙ্গে গোপন বৈঠক ও বাংলাদেশবিরোধী নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছেন। তবে দেশের জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধে তার কোনো ষড়যন্ত্রই আর সফল হবে না। বাংলার মাটিতে ফ্যাসিস্ট হাসিনার ঠাঁই হবে না এবং দেশের মানুষ যেভাবে তাকে বিতাড়িত করেছে, একইভাবে তার যেকোনো অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত রয়েছে।
ভারতকে বাংলাদেশের বন্ধুরাষ্ট্র হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ। আমরা তাদের প্রতি আহ্বান জানাব, সম্পর্ক হবে সার্বভৌম রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের, কোনো নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে নয়। বিনা ভোটের অবৈধ সরকারের পলাতক ও অপরাধী লোকজনকে যেন আশ্রয়-প্রশ্রয় না দেওয়া হয়। গণহত্যার দায়ে দণ্ডিত পলাতক আসামি খুনি হাসিনাকে অবিলম্বে বাংলাদেশের জনগণের কাছে হস্তান্তর করতে হবে, যাতে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার যথাযথ বিচার নিশ্চিত করা যায়।
অনুষ্ঠানে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ফরহাদ আলী দেওয়ান শাহিনের সভাপতিত্বে এবং অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দীন নাসিম, সদর থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মাস্টার এবং জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অত্র কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ সুধীজনরা উপস্থিত ছিলেন।