রাজশাহীর রেলগেট, সাহেববাজার ও লক্ষ্মীপুরে অস্থায়ী বিশ্রাম কেন্দ্র
প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবন যখন অতিষ্ঠ, তখন সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিট। সংগঠনটির উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত অস্থায়ী বিশ্রাম কেন্দ্র পরিদর্শন ও পথচারীদের মাঝে ছাতা বিতরণ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান রিটন।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১টায় নগরীর ব্যস্ততম রেলগেট মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি পথচারী, ট্রাফিক পুলিশ সদস্য, রিকশাচালক ও খেটে খাওয়া মানুষের হাতে ছাতা তুলে দেন। পাশাপাশি তিনি অস্থায়ী বিশ্রাম কেন্দ্রের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবা গ্রহণকারীদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. রেজাউল করিম রাজু, রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি দীপু সরকার এবং জননেতা আতাউর রহমান ট্রাস্টের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, ইউনিট লেভেল অফিসার মির্জা শামিম আহসান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিনিয়র টেকনিক্যাল অফিসার আসমা আক্তার, জার্মান রেড ক্রসের প্রজেক্ট অফিসার তানিয়া আক্তার, প্রজেক্ট অফিসার আবু মো. জুবায়েরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে তাপপ্রবাহের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে খোলা আকাশের নিচে কর্মরত শ্রমজীবী মানুষ, রিকশাচালক, ট্রাফিক পুলিশ এবং সাধারণ পথচারীরা সবচেয়ে বেশি কষ্টের মধ্যে রয়েছেন। এ পরিস্থিতিতে রেড ক্রিসেন্টের এ ধরনের উদ্যোগ জনস্বাস্থ্য সুরক্ষা ও মানবিক সহায়তার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিট সূত্রে জানা যায়, চলমান তাপপ্রবাহ মোকাবিলায় নগরীর রেলগেট মোড়, সাহেববাজার জিরো পয়েন্ট এবং লক্ষ্মীপুর মোড়ে অস্থায়ী বিশ্রাম কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে পথচারীদের জন্য বিনামূল্যে বিশ্রামের ব্যবস্থা, সুপেয় খাবার পানি সরবরাহ, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, হাতপাখা ও ছাতা বিতরণসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।
আয়োজকরা জানান, তাপপ্রবাহের কারণে জনসাধারণের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে নগরীর বিভিন্ন স্থানে প্রয়োজন অনুযায়ী আরও মানবিক সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
সাধারণ মানুষ রেড ক্রিসেন্টের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, প্রচণ্ড গরমে এমন সেবামূলক কার্যক্রম জনসাধারণের জন্য স্বস্তি বয়ে আনছে এবং মানবিক সংগঠনগুলোর প্রতি মানুষের আস্থা আরও বাড়িয়ে তুলছে।