নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দেশের একমাত্র তৃতীয় লিঙ্গের প্রার্থী
রংপুর-৩ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী দেশের একমাত্র তৃতীয় লিঙ্গের প্রার্থী আনোয়ারা ইসলাম রাণী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত আটটায় রংপুর নগরীর নূরপুরে অবস্থিত ন্যায় অধিকার সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।
এসময় আনোয়ারা ইসলাম রাণী বলেন, হিজড়া জনগোষ্ঠীসহ সব সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবিতে আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রংপুর- ৩ আসন থেকে আমার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি।
তিনি বলেন, সম্মানিত ভোটারদের প্রতি আমার প্রার্থিতা প্রত্যাহারের প্রেক্ষিতে হরিণ প্রতীকে ভোট না দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে রাণী বলেন, আমরা জুলাই জাতীয় সনদ প্রণয়নের পূর্বেই আমাদের জন্য অ্যাফারমেটিভ অ্যাকশন প্রয়োগের দাবি জানিয়ে আসছি। অ্যাফারমেটিভ অ্যাকশন হলো এমন একটি রাষ্ট্রীয় উদ্যোগ—যার মাধ্যমে দীর্ঘদিন পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে মূলধারায় অন্তর্ভুক্ত করতে জাতীয় সংসদে নির্দিষ্ট সময়ের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হয়।
তিনি বলেন, নারীদের ক্ষেত্রেও একসময় এমন উদ্যোগ নেওয়া হয়েছিল। ১৯৭৩ সালে যেখানে নারীদের জন্য ১৫টি সংরক্ষিত আসন ছিল, তা পর্যায়ক্রমে বেড়ে আজ ৫০টিতে পৌঁছেছে। এর ফলশ্রুতিতে আমাদের মা ও বোনেরা সমাজ ও রাষ্ট্রের নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। কিন্তু উক্ত ৫০টি সংরক্ষিত আসনে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কোনো সংরক্ষিত আসন দেওয়া হয়নি। নারীদের পাশাপাশি হিজড়া সম্প্রদায়সহ সব প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনের দাবি জানাচ্ছি।