জনগণ মৌমাছির মতো নামবে মাঠে মেসেজ লেখায় ফেঁসে যান এসপি জাহাঙ্গীর
ব্যক্তিগত মোবাইল ফোনের ‘ডে-ড্রিমার’ (Daydreamer) নামক একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে গোপন যোগাযোগ, প্রশাসনিক তথ্য পাচার এবং বর্তমান রাষ্ট্রব্যবস্থা উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট (পুলিশ সুপার পদমর্যাদা) হিসেবে কর্মরত ছিলেন। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দায়েরকৃত মামলায় চট্টগ্রামের একটি আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
অনুসন্ধান ও মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই প্রশাসনের ভেতর থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে গোপন তথ্য পাচারের বিষয়ে গোয়েন্দা নজরদারি চলছিল। সেই গোয়েন্দা জালেই শেষ পর্যন্ত আটকা পড়েন পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। গত ১০ নভেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে মোবাইল ফোনগুলোর ফরেনসিক পরীক্ষায় বিদেশে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার নিয়মিত মেসেজ আদান-প্রদানের অকাট্য প্রমাণ মেলে।
ফরেনসিক প্রতিবেদনে উদ্ধার হওয়া বার্তাগুলোতে বর্তমান সরকারকে উৎখাত করে দেশে অস্থিতিশীলতা তৈরির সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। একটি বার্তায় জাহাঙ্গীর আলম লেখেন, ‘আসসালামু আলাইকুম স্যার। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। স্যার শুভকামনা। রক্তের শেষবিন্দু পর্যন্ত জয় বাংলার স্লোগান দিয়ে যাব। স্যার ডিসেম্বরের জীবন-মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমার বাবার নির্দেশে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি ছোট থাকাকালেও রাজপথে নেমেছিলাম স্যার। বাংলাদেশকে উদ্ধার করতে হবে স্যার।’ এর আগে রাত ৯টা ২৩ মিনিটে ইংরেজিতে পাঠানো অপর একটি বার্তায় তিনি উল্লেখ করেন, ‘ডিয়ার স্যার, বেস্ট উইশেস ফর ইউ। ইনশাআল্লাহ বাংলাদেশ উইল বি রিস্টোর্ড টু প্রিভিয়াস স্টেট ইন ডিসেম্বর। স্টে ফাইন স্যার। রিগার্ডস স্যার।’ অর্থাৎ, আগামী ডিসেম্বরেই বাংলাদেশকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জাহাঙ্গীর আলম তার ব্যক্তিগত নম্বর ব্যবহার করে খোলা ‘ডে-ড্রিমার’ নামক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং বিভিন্ন টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। তবে সুনির্দিষ্টভাবে নিষিদ্ধ দলটির কোন নেতার কাছে এই বার্তাগুলো পাঠানো হয়েছিল, সে বিষয়ে তদন্তের স্বার্থে এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি কোনো কর্মকর্তা। অবশ্য আইনশৃঙ্খলা বাহিনীর নির্ভরযোগ্য একাধিক সূত্র আভাস দিয়েছে যে, বিগত সরকারের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রভাবশালী এক নেতা এবং দলটির প্রেসিডিয়াম পর্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নেতার সঙ্গে তার এই বার্তা বিনিময় হয়ে থাকতে পারে।
তথ্যপ্রমাণ নিশ্চিত হওয়ার পর গত শনিবার (১৪ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করেন চট্টগ্রাম আরআরএফ-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী। রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য প্রদান, রাষ্ট্রদ্রোহিতা এবং দাঙ্গা-সহিংসতায় উসকানি দেওয়ার অপরাধে দণ্ডবিধির ১২৪ (এ) ও ১৫৩ ধারায় মামলাটি রুজু করা হয়। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হয়েও তিনি বিদেশে পলাতক নেতাদের মদদে বর্তমান রাষ্ট্রব্যবস্থা উৎখাত করে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট তৈরি ও বাস্তবায়নে সক্রিয়ভাবে সহায়তা করছিলেন। মামলা দায়েরের পরপরই ওই দিন রাত সাড়ে ১০টার দিকে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির দুই নম্বর সড়কে অবস্থিত পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করা হয়।
রবিবার তাকে চট্টগ্রামের চতুর্থ মহানগর হাকিম মোহাম্মদ মোস্তফার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে মামলাটি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পরিদর্শক রাসেল মাহমুদ তদন্ত করছেন।
এ বিষয়ে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে এমন দুটি সুনির্দিষ্ট বার্তা পাওয়া গেছে, যেগুলোতে স্পষ্টতই রাষ্ট্রদ্রোহিতার উপাদান রয়েছে। বার্তাগুলো ঠিক কার কাছে পাঠানো হয়েছিল তা রিমান্ডে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। একইসঙ্গে এই অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কোনো সদস্য জড়িত আছেন কি না, তাও অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।