রাজশাহীতে শহীদ স্মৃতিস্তম্ভে ভূমিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজশাহীতে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে সর্বস্তরের জনতা। আজ বুধবার (৫ আগস্ট) সকালে রাজশাহী নগরীর প্রাণকেন্দ্র সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য জনাব মোঃ মিজানুর রহমান মিনু।
ঐতিহাসিক এই দিনে মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহিদ পরিবারের সদস্যবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাবৃন্দ এবং রাজশাহীর বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্মৃতিস্তম্ভে ফুল অর্পণের পর কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানান ভূমিমন্ত্রী। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে বীরত্বপূর্ণ আত্মত্যাগকারী সকল শহিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর খোঁজখবর নেন।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এবং শ্রদ্ধা নিবেদন পরবর্তী বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, বৈষম্যবিরোধী এই ঐতিহাসিক অভ্যুত্থানে শহিদদের এই মহান আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁদের রক্তে অর্জিত এই চেতনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সুশাসন, ন্যায়বিচার এবং আপামর জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ লড়াইয়ে আগামী প্রজন্মকে চিরকাল পথ দেখাবে।
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম ড. বজলুর রশিদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।