রোহিঙ্গা ক্যাম্পে আইনি সহায়তায় পুলিশের অসামান্য ভূমিকার প্রশংসা আইসিআরসির
পুলিশ হেডকোয়ার্টার্সে আজ সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকিরের সঙ্গে সাক্ষাৎ করেছে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেডক্রস (আইসিআরসি)-এর একটি উচ্চপর্যায়ের তিন সদস্যের প্রতিনিধিদল। আইসিআরসি-এর হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লুরির নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দুই পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
বৈঠকের শুরুতে আইসিআরসি প্রতিনিধিদলের প্রধান নিকোলাস ফ্লুরি বাংলাদেশের শরণার্থী ক্যাম্পগুলোতে বসবাসরত রোহিঙ্গাদের আইনি সহায়তা প্রদানে বাংলাদেশ পুলিশের অত্যন্ত ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, মানবিক এই সংকট ব্যবস্থাপনায় পুলিশের পেশাদারিত্ব প্রশংসনীয়। এছাড়া, জনগণের মাঝে পুলিশ সম্পর্কে ইতিবাচক ধারণা ও আস্থা আরও সুদৃঢ় করতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পুলিশ সদস্যদের জন্য মানবাধিকার রক্ষা এবং প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইডসহ বিভিন্নমুখী প্রশিক্ষণ কার্যক্রমে আইসিআরসির চলমান সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অন্যদিকে, আইজিপি জনাব মোঃ আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের চলমান বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে আইসিআরসি কর্তৃক গৃহিত বিভিন্ন কল্যাণমুখী উদ্যোগ ও সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। বিশেষ করে, যেকোনো জাতীয় দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে জীবন রক্ষার্থে পুলিশ সদস্যদের উদ্ধার ও মানবিক সহায়তা প্রদানের সক্ষমতা আরও বহুগুণ বাড়াতে আইসিআরসি-এর পক্ষ থেকে কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
উভয় পক্ষের সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে বাংলাদেশ পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উভয় পক্ষ আশা প্রকাশ করে যে, পুলিশ ও আইসিআরসির মধ্যকার এই অংশীদারত্ব আগামী দিনে মানবিক কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে আরও বেশি কার্যকর ভূমিকা পালন করবে।