সরকারের সমালোচনা অপরাধ নয়
সরকারের সমালোচনা করা অপরাধ নয়, তবে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়া অপরাধ হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন।
রোববার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সভ্যতার বিকাশের ধারায় সাংবাদিকতা আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে এটি কাগজে-কলমে রাষ্ট্রের কোনো আনুষ্ঠানিক অঙ্গ না হলেও রাষ্ট্র পরিচালনার একটি গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।
তিনি বলেন, সাংবাদিকতার মূল দায়িত্ব শুধু তথ্য সংগ্রহ বা সত্য অনুসন্ধানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং অনুসন্ধানের মাধ্যমে পাওয়া সত্যকে জনস্বার্থ ও জনকল্যাণের সঙ্গে সম্পৃক্ত করাও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নির্দিষ্ট উদ্দেশ্য বা পূর্বনির্ধারিত অবস্থান থাকলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে।
জহির উদ্দীন স্বপন বলেন, অনুসন্ধানে উঠে আসা সত্য যখন ব্যক্তিগত স্বার্থ, আকাঙ্ক্ষা বা নির্ধারিত লক্ষ্যকে প্রশ্নবিদ্ধ করে, তখন সাংবাদিকতা কঠিন পরীক্ষার মুখে পড়ে। এ অবস্থায় পেশাগত সততা ও নিরপেক্ষতা ধরে রাখাই একজন সাংবাদিকের বড় চ্যালেঞ্জ।
আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ কাঠামো। রাষ্ট্রীয় ক্ষমতা জনকল্যাণে ব্যবহার করা হবে, নাকি মানুষের ওপর নিয়ন্ত্রণ ও নিপীড়নের মাধ্যম হিসেবে ব্যবহৃত হবে—তা নির্ভর করে শাসকের উদ্দেশ্য, দৃষ্টিভঙ্গি ও দায়িত্বশীলতার ওপর।
তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জবাবদিহির ব্যবস্থা স্পষ্ট ও কার্যকর না হলে রাষ্ট্র পরিচালনা সঠিক দিকনির্দেশনা হারাতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন নিউ এজ-এর সম্পাদক নুরুল কবীর।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুব রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংবাদিকতার বর্তমান চ্যালেঞ্জ, গণমাধ্যমের ভূমিকা এবং রাষ্ট্র ও সমাজে এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়।