শর্তসাপেক্ষে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দিল সরকার
রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল করেছে সরকার। প্রায় দেড় মাস আগে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছিল। এবার আপিল ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে শর্তসাপেক্ষে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালানোর অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষর রয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, লাইসেন্স বাতিলের পর হাসপাতাল কর্তৃপক্ষ আপিল করলে বিষয়টি পুনর্বিবেচনার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত ১৫ জুলাই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে হাসপাতাল পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরিদর্শন শেষে কমিটি তাদের প্রতিবেদন দাখিল করে। সেই প্রতিবেদনের পর্যবেক্ষণ সন্তোষজনক হওয়ায় পূর্বের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
তবে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার অনুমতির সঙ্গে কয়েকটি বাধ্যতামূলক শর্ত যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে, দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর সব বিধান কঠোরভাবে অনুসরণ করা।
এছাড়া হাসপাতালের লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার স্পষ্ট জানিয়েছে, ভবিষ্যতে লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘিত হলে প্রচলিত আইন অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
এর ফলে হাসপাতালটি নির্ধারিত শর্ত মেনে পুনরায় চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করতে পারবে। তবে সরকারের নির্ধারিত নিয়ম ও মানদণ্ড অনুসরণে ব্যত্যয় ঘটলে লাইসেন্স-সংক্রান্ত বিষয়ে আবারও প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকবে।