বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন
পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে রাজশাহীতে শুরু হয়েছে বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শনিবার (২৫ জুলাই) এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
এর আগে বৃক্ষমেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা থেকে শুরু হয়ে নজরুল ভিলেজে গিয়ে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, স্কাউট সদস্য, নার্সারি মালিক, পরিবেশকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসন, রাজশাহী ও সামাজিক বন বিভাগ, রাজশাহীর যৌথ উদ্যোগে আয়োজিত এ বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির দেশীয় ও বিদেশি গাছের চারা, ফলজ, বনজ ও ঔষধি গাছসহ নানা ধরনের বৃক্ষ প্রদর্শন করা হচ্ছে।
আয়োজকরা জানান, বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা এবং পরিবেশবান্ধব নগর ও অঞ্চল গড়ে তোলার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষ ও পরিবেশ রক্ষার বিষয়ে আগ্রহ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।