রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেন মো. সাহাবুদ্দিন
রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি সংসদ সচিবালয়ে তার পদত্যাগপত্র জমা দেন। এ বিষয়ে বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলন করবেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি বিভিন্ন মহলে আলোচনায় আসে। এর ধারাবাহিকতায় সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির দেওয়া প্রারম্ভিক ভাষণের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে দায়িত্ব গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল।
তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকাল ছিল দেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল সময়। এ সময় দেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে মো. সাহাবুদ্দিন দেশের ইতিহাসে স্বল্প সময়ের ব্যবধানে তিনজন ভিন্ন সরকারপ্রধানকে শপথ পড়ানোর বিরল অভিজ্ঞতারও সাক্ষী হন। তার পদত্যাগের মধ্য দিয়ে দেশের রাষ্ট্রপতি পদে নতুন অধ্যায়ের সূচনা হলো।