একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে আটটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে তিনটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারের নিজস্ব অর্থায়নের পাশাপাশি বৈদেশিক ঋণও ব্যবহার করা হবে।
বুধবার (২২ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জসিম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন পেয়েছে। এগুলো হলো ‘সর্বজনীন সামাজিক অবকাঠ হিসেবে পাওয়া যাবে ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন পেয়েছে। এগুলো হলো ‘সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (জিএসআইডিপি-২)’ প্রকল্পের প্রথম সংশোধন, ‘বৃহত্তর দিনাজপুর—দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প’ এবং ‘পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প’। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প’-এর তৃতীয় সংশোধন এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ‘ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প’-এর দ্বিতীয় সংশোধনও অনুমোদন পেয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ‘সিলেট বিভাগে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প’-এর তৃতীয় সংশোধন এবং ‘বেগমগঞ্জ-৫ মূল্যায়ন ও উন্নয়ন কূপ এবং বেগমগঞ্জ-৬ ও সুনেত্র-২ অনুসন্ধান কূপ খনন’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ‘মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোতে বিদ্যমান কিডনি ডায়ালাইসিস সেন্টার ৫০ শয্যায় উন্নীতকরণ এবং জেলা সদর হাসপাতালগুলোতে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন’ প্রকল্পের দ্বিতীয় সংশোধনও একনেকে অনুমোদন লাভ করেছে।
সভায় পরিকল্পনামন্ত্রীর প্রশাসনিক ক্ষমতাবলে ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১১টি প্রকল্প সম্পর্কেও একনেককে অবহিত করা হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিনটি আঞ্চলিক অফিস স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধন, বরিশালের গৌরনদীতে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন প্রকল্প।
এছাড়া নলকা-সিরাজগঞ্জ-সয়দাবাদ আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, পিরোজপুর-নাজিরপুর-মাটিভাঙ্গা-পাটগাতী-ঘোনাপাড়া জেলা মহাসড়ক উন্নয়ন, ভূঞাপুর লিংক সড়ক নির্মাণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো উন্নয়ন, পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্ক সম্প্রসারণ ও ক্ষমতাবর্ধন এবং দেশের ছয় জেলায় বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) স্থাপন প্রকল্পের সংশোধিত প্রস্তাব সম্পর্কেও একনেককে অবহিত করা হয়।
একনেক সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।