রাজশাহীতে ২,৮০০ শিশুর বিনামূল্যে হৃদরোগ পরীক্ষা শুরু
উত্তরাঞ্চলে প্রথমবারের মতো শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসায় বৃহৎ পরিসরের বিশেষ উদ্যোগ নিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী। তিন দিনব্যাপী এ কর্মসূচির আওতায় রাজশাহী অঞ্চলের ৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার ৮০০ শিশুর বিনামূল্যে হৃদরোগ পরীক্ষা করা হবে। এ কার্যক্রমে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পাশাপাশি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরাও অংশ নিচ্ছেন।
মঙ্গলবার (২১ জুলাই) নগরের বাকির মোড়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল মান্নান। তিনি বলেন, শিশুদের জন্মগত হৃদরোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
তিনি জানান, গত ১০ থেকে ১৯ জুলাই পর্যন্ত নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়। এতে রাজশাহী অঞ্চলের ৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার ৮০০ শিক্ষার্থী নিবন্ধন করেছে। বুধবার (২২ জুলাই) থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ৩ থেকে ১৮ বছর বয়সী নিবন্ধিত শিশুদের পর্যায়ক্রমে স্ক্রিনিং ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
আব্দুল মান্নান বলেন, এ কর্মসূচির আওতায় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। স্ক্রিনিংয়ে কোনো শিশুর জন্মগত হৃদরোগ শনাক্ত হলে রোগের ধরন ও জটিলতা অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকেরা প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেবেন। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে সংশ্লিষ্ট শিশুকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হবে। বিশেষ ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী চীনে চিকিৎসার ব্যবস্থাও করা হতে পারে।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, এই বিশেষ চিকিৎসা কার্যক্রমে অংশ নিতে চীনের ফুওয়াই ইউনান কার্ডিওভাসকুলার হাসপাতাল ও চাইনিজ একাডেমি অব মেডিক্যাল সায়েন্সেস থেকে ছয় সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল রাজশাহীতে এসেছে। পাশাপাশি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের আট সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলও শিশুদের পরীক্ষা ও চিকিৎসাসেবায় যুক্ত রয়েছেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জন্মগত হৃদরোগ শিশুদের অন্যতম জটিল স্বাস্থ্যসমস্যা। অনেক ক্ষেত্রে জন্মের পরই রোগটি শনাক্ত না হওয়ায় শিশুদের স্বাভাবিক শারীরিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয়। সময়মতো রোগ নির্ণয় ও চিকিৎসা না হলে হৃদযন্ত্রের জটিলতা, হার্ট ফেইলিউর এমনকি অকাল মৃত্যুর ঝুঁকিও তৈরি হতে পারে। তাই প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করে দ্রুত চিকিৎসার আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আয়োজকদের মতে, এ উদ্যোগের মাধ্যমে উত্তরাঞ্চলের শিশুদের উন্নত হৃদরোগ নির্ণয় ও চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি গুরুতর রোগীদের দ্রুত বিশেষায়িত চিকিৎসার আওতায় আনার সুযোগ সৃষ্টি হবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের মাধ্যমে শিশুস্বাস্থ্য সেবাকে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে তারা জানান।
সংবাদ সম্মেলনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন, সহসভাপতি হাসান আলী, পরিচালক ও চিফ কনসালট্যান্ট অধ্যাপক ডা. রইস উদ্দিন মণ্ডল, পরিচালক (প্রশাসন ও অর্থ) অধ্যাপক হবিবুর রহমান, যুগ্ম সম্পাদক মো. লিয়াকত আলী, নির্বাহী সদস্য ডা. ওয়াসিম হোসেন, এনামুল হক এবং প্রচার ও জনসংযোগ সম্পাদক ইমতিয়াজ আহমেদ শামসুল হুদাসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।