আইএসটিসি রাজশাহীতে নতুন লাইব্রেরি ও ডাইনিং হল উদ্বোধন
পুলিশ সদস্যদের প্রশিক্ষণের মানোন্নয়ন এবং আধুনিক প্রশিক্ষণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার (আইএসটিসি), রাজশাহীতে নবনির্মিত লাইব্রেরি ও ডাইনিং হলের উদ্বোধন করেছেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ।
বুধবার (২২ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে নবনির্মিত এ দুটি স্থাপনার উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে নবনির্মিত লাইব্রেরি ও ডাইনিং হলের সার্বিক কল্যাণ, সমৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে ডিআইজি মো. আশিক সাঈদ স্থাপনাগুলো ঘুরে দেখেন এবং সেখানে সংযোজিত বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন, দক্ষ, পেশাদার ও মানবিক পুলিশ বাহিনী গড়ে তুলতে মানসম্মত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণার্থীদের জন্য একটি আধুনিক, জ্ঞানভিত্তিক ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে হবে। নতুন লাইব্রেরি ও ডাইনিং হল প্রশিক্ষণ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), উপ-পুলিশ কমিশনার (সদর), উপ-পুলিশ কমিশনার (ডিবি), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) এবং সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ আশিকুর রহমান, বিপিএম, পিপিএম (বার), রাজশাহীর পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট)সহ রাজশাহী রেঞ্জ ও আরএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবনির্মিত লাইব্রেরি ও ডাইনিং হলের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা আরও উন্নত শিক্ষাবান্ধব ও আধুনিক সুযোগ-সুবিধা পাবেন, যা তাদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।