রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু
সারাদেশের মতো রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনেও বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। এবার রাজশাহী শিক্ষাবোর্ড থেকে মোট ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৭ হাজার ৫৭৮ জন।
রাজশাহী শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ৭৩ হাজার ৫৭ জন ছাত্র এবং ৬৭ হাজার ৭৭৩ জন ছাত্রী। বোর্ডের অধীন আটটি জেলার ৭৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২০৮টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন।
রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান শামীম আরা চৌধুরী জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পরীক্ষা পরিচালনায় সমন্বয় ও ব্যবস্থাপনা আরও সহজ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৩৩ হাজার ২৫২ জন শিক্ষার্থী। ২০২৪ সালে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩৮ হাজার ১৫৭ জন, ২০২৩ সালে ১ লাখ ৪০ হাজার ১১৫ জন এবং ২০২২ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ২৯ হাজার ৪২৩ জন। সে হিসাবে গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে। বোর্ডের অধীনে গঠন করা হয়েছে ২৪টি ভিজিল্যান্স টিম, যারা পর্যায়ক্রমে সব পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন। এছাড়া কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
পরীক্ষার প্রথম দিন রাজশাহী বিভাগের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় বোর্ড কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, যথাযথ তদারকি ও নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে পুরো পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।