ভূমি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলের সঙ্গে ভূমিমন্ত্রীর বৈঠক
ভূমি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল রূপান্তর, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং গবেষণায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার ডোমইয়াং মেটা কোম্পানির প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।
রোববার (২৮ জুন) মহান জাতীয় সংসদে ভূমিমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উভয় পক্ষ ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন, ডিজিটাল প্রযুক্তির বিস্তার এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী বলেন, বর্তমান সময়ে ভূমি ব্যবস্থাপনায় সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার সময়ের অপরিহার্য দাবি। তিনি বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনার চলমান ডিজিটালাইজেশন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ভূমিসেবা ডিজিটালাইজেশন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন। এর ফলে জনগণ এখন সহজ, দ্রুত ও স্বচ্ছ উপায়ে ভূমিসেবা পাচ্ছে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
তিনি আরও বলেন, একটি স্মার্ট, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমি প্রশাসন গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ সময় দক্ষিণ কোরিয়ার ডোমইয়াং মেটা কোম্পানির প্রতিনিধিরা জানান, ভূমি মন্ত্রণালয়ের কৌশলগত ডিজিটাল রূপান্তর নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় প্রতিষ্ঠান ঢাকা মেটার সহযোগিতায় তারা ডিআরএস (ভূমি রেকর্ড ও জরিপ) সংক্রান্ত কার্যক্রম অধিক দক্ষতা, নির্ভুলতা ও দ্রুততার সঙ্গে বাস্তবায়নে সক্ষম। সম্ভাব্য স্বল্পতম সময়ে সর্বোচ্চ মানসম্পন্ন ফলাফল নিশ্চিত করতে তারা তাদের প্রতিশ্রুতির কথাও ব্যক্ত করেন।
বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে ভূমি রেকর্ড সংরক্ষণ, জরিপ কার্যক্রমের আধুনিকায়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, দক্ষ জনবল তৈরি এবং গবেষণাভিত্তিক কার্যক্রম সম্প্রসারণে যৌথভাবে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, স্মার্ট, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকারের এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা দেশের ভূমি প্রশাসনকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।