পাবনায় পুলিশ ইউনিট পরিদর্শনে ডিআইজি শাহজাহান
বাংলাদেশ পুলিশ, রাজশাহী রেঞ্জের সম্মানিত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ শাহজাহান, পিএইচডি মঙ্গলবার (২৩ জুন) পাবনা জেলার ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি), সার্কেল অফিস (ঈশ্বরদী) এবং ঈশ্বরদী থানার বার্ষিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ডিআইজি মোঃ শাহজাহান সংশ্লিষ্ট ইউনিটগুলোর প্রশাসনিক কার্যক্রম, রেকর্ডপত্র সংরক্ষণ, মামলা তদন্তের অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, জনসেবা প্রদান, অফিস ব্যবস্থাপনা এবং পেশাগত মানোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে পর্যালোচনা করেন।
এ সময় তিনি কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করে দায়িত্ব পালনে সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণকে দ্রুত, সহজ ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
পরিদর্শনকালে পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা ডিআইজি মহোদয়কে সংশ্লিষ্ট ইউনিটগুলোর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
বার্ষিক পরিদর্শন শেষে ডিআইজি মোঃ শাহজাহান সংশ্লিষ্ট ইউনিটসমূহের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও আন্তরিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে অপরাধ দমন, মামলা নিষ্পত্তি, জনবান্ধব পুলিশিং এবং জনগণের আস্থা অর্জনে আরও কার্যকর ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও সদস্যদের নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে এবং একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, মানবিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।