রাজশাহীর ছায়ানীড়ে গুলিবিদ্ধ যুবক, ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, গুলি ও তাজা বোমা উদ্ধার
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন ছায়ানীড় আবাসিক এলাকায় একটি বাসার ভেতরে গুলিবিদ্ধ হয়ে বাঁধন নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন, গুলির খোসা এবং একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে সিআইডির বোমা ডিসপোজাল ইউনিট এসে বোমাটি নিষ্ক্রিয় করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২১ জুন) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে শাহমখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকার তারা মসজিদ গলির পশ্চিম পাশে ৩৪/১ নম্বর পাঁচতলা ভবনের পঞ্চম তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তি হলেন ফয়সাল ইবনে সেলিম শেখ বাঁধন (৩২)। তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাহেববাজার এলাকার বাসিন্দা এবং মো. সেলিমের ছেলে।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অস্ত্রোপচারের পর তাকে পোস্ট-অপারেটিভ কেয়ার ইউনিটে (পিওসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার খবর পেয়ে শাহমখদুম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে একটি যুক্তরাষ্ট্রে তৈরি (Made in USA) বিদেশি পিস্তল, একটি অবিস্ফোরিত গুলি, একটি ম্যাগাজিন, একটি গুলির খোসা এবং একটি তাজা বোমা উদ্ধার করে। পরে বিকেল ৪টা ৪০ মিনিটে সিআইডির বোমা ডিসপোজাল টিম ঘটনাস্থলে এসে বিশেষ প্রক্রিয়ায় উদ্ধার করা বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করে। বাঁধন স্বেচ্ছাসেবক দলের নেতা বলে পরিচয় পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, কী কারণে বাঁধন গুলিবিদ্ধ হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও বিস্ফোরক পরীক্ষার পাশাপাশি বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, "ছায়ানীড় আবাসিক এলাকায় একটি বাসার ভেতরে এক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি অবিস্ফোরিত গুলি, একটি গুলির খোসা এবং একটি তাজা বোমা উদ্ধার করা হয়। পরে সিআইডির বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করে।
তিনি আরও বলেন, আহত বাঁধন নিজের পিস্তলের গুলিতে আহত হয়েছেন, নাকি অন্য কেউ পরিকল্পিতভাবে তাকে গুলি করেছে-এ বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। আহত বাঁধনের জ্ঞান ফিরলে এবং তার বক্তব্য নেওয়ার পরই ঘটনার প্রকৃত রহস্য সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে। পুলিশ ঘটনাটির সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ করছে।