রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি
রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে সংগঠনটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
শুক্রবার (২০ জুন) বিকেলে রাজশাহী সরকারি সিটি কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে শান্ত করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নবঘোষিত আংশিক কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠনের দাবিতে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা কলেজসংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা ঘটনাস্থলে পৌঁছালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভকারীদের অভিযোগ, নবঘোষিত আংশিক কমিটিতে টিকটকার, চাঁদাবাজ ও মাদকসেবীদের স্থান দেওয়া হয়েছে। তারা কমিটিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে দাবি করেন, অর্থের বিনিময়ে এ কমিটি গঠন করা হয়েছে। ত্যাগী, পরীক্ষিত ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়ন করে নতুন কমিটি ঘোষণা না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।
এর আগে, বৃহস্পতিবার জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের ৯ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে আবু সাইদ হাসানকে আহ্বায়ক এবং শামসুল হক হৃদয়কে সদস্যসচিব করা হয়। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্যসহ মোট নয় সদস্যের এ আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে কমিটি ঘোষণার পরপরই সংগঠনের একটি অংশ এর বিরোধিতা করে আসছে। তাদের দাবি, স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় ত্যাগী ও দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করে নতুন কমিটি গঠন করতে হবে। এ দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।