রাজশাহীতে রহস্যজনকভাবে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
রাজশাহী মহানগরীতে অজ্ঞাতনামা এক ব্যক্তির (প্রায় ৪৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে হাসপাতালের এক ট্রলি ম্যান নাম প্রকাশ না করার শর্তে দাবি করেছেন, মৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন ছিল। এতে মৃত্যুর ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন চারু মামার ক্যান্টিনের সামনে অজ্ঞাত ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে রাজশাহী নার্সিং কলেজের কয়েকজন শিক্ষার্থী তাকে উদ্ধার করে দ্রুত রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
রাত ৮টা ১৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে (Brought Dead)।
এদিকে, হাসপাতালের এক ট্রলি ম্যান নাম প্রকাশ না করার শর্তে জানান, মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে তার কাছে মনে হয়েছে। তবে এটি চিকিৎসকদের আনুষ্ঠানিক মতামত নয়। তাই বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
পুলিশ আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।
এদিকে, মৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন থাকার দাবির বিষয়ে হাসপাতাল কিংবা পুলিশের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।