নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন ১ ডিসেম্বর
রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) প্রথম সমাবর্তন আগামী ১ ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে প্রয়োজনীয় আবেদন সম্পন্ন করা হয়েছে এবং সমাবর্তন আয়োজনের প্রস্তুতি জোরেশোরে এগিয়ে চলছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর চৌদ্দপাই এলাকায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান।
তিনি জানান, সমাবর্তনে অংশগ্রহণের জন্য গ্রাজুয়েটদের অনলাইন নিবন্ধন কার্যক্রম ১৫ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত নির্ধারিত লিংকের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম ব্যাচ থেকে ২৭তম ব্যাচ পর্যন্ত এবং স্নাতকোত্তরের প্রথম ব্যাচ থেকে ৩২তম ব্যাচ পর্যন্ত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাবেন। নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। প্রায় ৫ হাজার গ্রাজুয়েট সমাবর্তনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসেই আয়োজন করা হবে এই ঐতিহাসিক অনুষ্ঠান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাবর্তনে বাংলাদেশের রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিশিষ্ট লেখক, কলামিস্ট ও গবেষক মহিউদ্দিন আহমদের। এছাড়া দেশ-বিদেশের খ্যাতিমান শিক্ষাবিদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য, রাজনীতিবিদ, শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন অনুষ্ঠানে অংশ নেবেন।
সমাবর্তনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামা ওবায়েদ ইসলাম।
অনুষ্ঠানকে ঘিরে বর্ণিল সাংস্কৃতিক আয়োজনেরও পরিকল্পনা করা হয়েছে। দেশের খ্যাতিমান সংগীতশিল্পীরা এতে অংশ নিয়ে শিক্ষার্থী ও অতিথিদের জন্য পরিবেশনা করবেন।
সমাবর্তন সফলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে ‘প্রথম সমাবর্তন উদযাপন কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির অধীনে একাধিক উপ-কমিটির মাধ্যমে সার্বিক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, নির্বাহী পরিচালক রিয়াজ মোহামদ, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ইদ্রিস আলী, মিডিয়া ও প্রচার উপ-কমিটির সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উচ্চশিক্ষা ও গবেষণায় মানসম্মত শিক্ষা প্রদান করে দেশে-বিদেশে সুনাম অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়টির গ্রাজুয়েটরা বর্তমানে বিভিন্ন সরকারি, বেসরকারি, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন।