রাসিকের উদ্যোগে রামেক ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব ও আকর্ষণীয় বেঞ্চ স্থাপন করা হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এ উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় শিক্ষার্থী, রোগীর স্বজন ও সাধারণ পথচারীদের মাঝে স্বস্তি ও সন্তোষের সৃষ্টি হয়েছে। এ উদ্যোগের জন্য রাসিক প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা ক্লাস, ওয়ার্ড, ল্যাব, লাইব্রেরি ও দীর্ঘ ডিউটির ফাঁকে বসার উপযোগী বিশ্রামস্থলের দাবি জানিয়ে আসছিলেন। একইসঙ্গে ক্যাম্পাসে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদেরও দীর্ঘসময় দাঁড়িয়ে বা অনুপযুক্ত স্থানে বসে থাকতে হতো। সম্প্রতি ক্যাম্পাসের অভ্যন্তরে ফুটপাত উন্নয়ন ও পাকা করার কাজ শুরু হলেও পর্যাপ্ত বসার ব্যবস্থা না থাকায় ভোগান্তি আরও প্রকট হয়ে ওঠে।
গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শনে যান। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব ও দৃষ্টিনন্দন বেঞ্চ স্থাপনের দাবি জানানো হয়। প্রশাসক বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এরই ধারাবাহিকতায় অল্প সময়ের মধ্যেই ক্যাম্পাসের বিভিন্ন ফুটপাতজুড়ে বেঞ্চ স্থাপনের কাজ শুরু হয়। ইতোমধ্যে ১০টি বেঞ্চ স্থাপন করা হয়েছে এবং আরও ১৫টি বেঞ্চ স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। নতুন স্থাপিত এসব বেঞ্চ শিক্ষার্থীদের বিশ্রাম এবং রোগীর স্বজনদের সাময়িক অবকাশের জন্য কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. রিমন আলী বলেন, “রাসিক প্রশাসক ক্যাম্পাস পরিদর্শনে এলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী মেডিকেল কলেজ শাখার পক্ষ থেকে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির বিষয়টি তুলে ধরা হয়। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন করায় আমরা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণ ও ক্যাম্পাস উন্নয়নে এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশা করছেন। এতে রাজশাহী মেডিকেল কলেজ আরও আধুনিক, শিক্ষার্থীবান্ধব ও প্রাণবন্ত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।