সাত বছর পর জীবিত উদ্ধার অপহরণ ও হত্যা মামলার ভিকটিম
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অপহরণ ও হত্যা মামলার এক ভিকটিমকে দীর্ঘ সাত বছর পর জীবিত উদ্ধার করেছে ভোলাহাট থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৩১ মে দুপুরের দিকে মোছাঃ আয়েশা খাতুন (১৭), পিতা-মোঃ আবুল হোসেন ও মাতা-মোসাঃ আদুরী বেগম, গ্রামের বাড়ি আলমপুর, থানা-ভোলাহাট, জেলা-চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ হন।
পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায়, ভিকটিমের মা আদুরী বেগম বিজ্ঞ আদালতে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি সি আর মামলা নং-৯৫/২০২৩ হিসেবে দায়ের করা হয় এবং এতে পেনাল কোডের ৩৬৪/৩০২/১০৯ ধারায় অভিযোগ আনা হয়।
পরবর্তীতে মামলার চূড়ান্ত রিপোর্ট দাখিলের পর পুনরায় সি আর মামলা নং-১৯৯/২০২৪ (ভোলা) হিসেবে তদন্ত কার্যক্রম শুরু হয় এবং মামলাটি ভোলাহাট থানায় তদন্তাধীন রয়েছে।
দীর্ঘ তদন্ত ও গোপন তথ্যের ভিত্তিতে গত ৩ মে ২০২৬ রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটের দিকে ভোলাহাট ঢাকা বাসস্ট্যান্ডে বিআরটিসি কাউন্টারের সামনের এলাকা থেকে ভিকটিম আয়েশা খাতুনকে জীবিত উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতে হাজির করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।