দেশজুড়ে একযোগে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’, রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজন
দেশের ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন এবং তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি সিলেট জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি দেশব্যাপী একযোগে সরাসরি সম্প্রচার করা হয়।
কেন্দ্রীয় এই আয়োজনের অংশ হিসেবে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বড় পর্দায় অনুষ্ঠানটি প্রদর্শন করা হয়। এ উপলক্ষে সেখানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্থানীয়ভাবে কর্মসূচির সূচনা করা হয়।
রাজশাহীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সহ-সভাপতি ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদীন শিবলী, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি সামসুল ইসলাম মিলু ও সাধারণ সম্পাদক বজলুজ্জামান মোহনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, খেলোয়াড় ও অভিভাবকরাও স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী সিলেট থেকে উদ্বোধন ঘোষণার পর রাজশাহীতে উপস্থিত অতিথিরা বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির স্থানীয় কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।