জয়-পরাজয় ছাপিয়ে রাজশাহী-৩ এ সম্প্রীতির রাজনীতি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের ভোটযুদ্ধ ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, কিন্তু ফল ঘোষণার পর রাজনৈতিক আচরণে দেখা গেল ভিন্ন এক চিত্র। নির্বাচনী উত্তাপের পর বিজয়ী ও পরাজিত দুই প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ স্থানীয় রাজনীতিতে ইতিবাচক বার্তা ছড়িয়েছে এবং সহনশীল রাজনৈতিক সংস্কৃতির একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।
ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন ১ লাখ ৭৬ হাজার ৩১৮ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ দাড়িপাল্লা প্রতীকে পান ১ লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট। মোট ছয়জন প্রার্থী এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হাবিবা ১ হাজার ১৭৭ ভোট, জাতীয় পার্টির আফজাল হোসেন ২ হাজার ৩৯০ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুর রহমান ১ হাজার ১৫৪ ভোট এবং আমজনতার দলের সাইদ পারভেজ ২৯৫ ভোট পান। ভোটের হিসাব বলছে, মূল লড়াই সীমাবদ্ধ ছিল দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যেই।
ফল ঘোষণার পর শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় হড়গ্রাম ইউনিয়নের আদাড়িয়া পাড়ায় অধ্যাপক আবুল কালাম আজাদের নিজ বাসভবনে বিজয়ী প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। সেখানে উভয় নেতা মিষ্টিমুখ করেন এবং সংক্ষিপ্ত মতবিনিময়ে অংশ নেন। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শেষে এমন সৌজন্যমূলক আচরণকে স্থানীয় রাজনৈতিক মহল ইতিবাচক দৃষ্টিতে দেখছে।
অধ্যাপক আজাদ বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই, তবে জনগণের রায়ই চূড়ান্ত। তিনি রাজশাহী-৩ আসনের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে মিলনের প্রতি ব্যক্তিগত শুভেচ্ছাও জানান তিনি।
নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, নির্বাচন গণতন্ত্রের উৎসব এবং মতপার্থক্য থাকলেও লক্ষ্য একটাই—জনগণের কল্যাণ। তিনি জানান, আসনের সার্বিক উন্নয়নে সব পক্ষের মতামত ও অভিজ্ঞতা কাজে লাগানো হবে। বিশেষ করে অধ্যাপক আজাদের দীর্ঘ ২৮ বছরের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে অভিজ্ঞতাকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
এর আগে চূড়ান্ত ফলাফল ঘোষণার পর অধ্যাপক আজাদ সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে লেখেন, বিজয় বিশ্বাস রক্ষার দায়িত্ব বহন করে এবং জনগণের প্রত্যাশা পূরণই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।
স্থানীয় নেতারা বলছেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শেষে এ ধরনের সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক সহনশীলতার বার্তা দেয় এবং তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করে। বিশ্লেষকদের মতে, রাজশাহী-৩ আসনের এ ঘটনাপ্রবাহ কেবল একটি আসনের নির্বাচনী ফল নয়; বরং এটি অংশগ্রহণমূলক ও সহমর্মিতাভিত্তিক রাজনীতির সম্ভাবনাকে সামনে নিয়ে এসেছে। এখন দেখার বিষয়, ঘোষিত সহযোগিতার অঙ্গীকার বাস্তব উন্নয়ন কর্মকাণ্ডে কতটা প্রতিফলিত হয়।