সরকারপ্রধানের আগমনে রাজশাহীর উন্নয়ন গতি পাবে
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো রাজশাহী সফরকে কেন্দ্র করে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও গতিশীল হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ নগরবাসীর মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ বিরাজ করছে।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর আসন্ন রাজশাহী সফর উপলক্ষে নগরীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঐতিহাসিক মাদ্রাসা মাঠের প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাসিক প্রশাসক বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান শারদীয় দুর্গোৎসব পরিদর্শনের উদ্দেশ্যে রাজধানী ঢাকার বাইরে সরাসরি রাজশাহীতে আসছেন। এই ঐতিহাসিক সফরের সিদ্ধান্ত গ্রহণের জন্য তিনি দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীতে জনকল্যাণমূলক ও অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড পুরোদমে এগিয়ে চলছে। এর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে, যা সরকারপ্রধানের উপস্থিতিতে নতুন গতি পাবে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় রাজশাহীকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে নানামুখী বৃহৎ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে বিমান চত্বর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের আধুনিক মহাসড়ক নির্মাণ, কুমারপাড়া গুলগফুর পেট্রোল পাম্প থেকে বড়কুঠি ও বরেন্দ্র গবেষণা জাদুঘর হয়ে ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও আধুনিকায়ন, নগরীর ৩০টি ওয়ার্ডে উন্মুক্ত খেলার মাঠ ও আধুনিক ফুটসাল গ্রাউন্ড তৈরি এবং প্রবীণদের সুস্থ বিনোদনের লক্ষ্যে সিনিয়র সিটিজেন পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতেও বিএনপি সরকারের আমলে রাজশাহীর শিক্ষা প্রতিষ্ঠান, যোগাযোগ অবকাঠামো ও আধুনিক রেলওয়ে ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছিল বলে তিনি স্মরণ করিয়ে দেন। সম্প্রতি নগরীর দীর্ঘদিনের ভগ্নদশা হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে এবং মসজিদ-মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো সংস্কারেও কার্যকর অগ্রগতি চলছে।
এর আগে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে সুসজ্জিত মঞ্চ নির্মাণ ও সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত এবং রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা তদারকি করেন।
এদিকে সফর উপলক্ষে পৃথকভাবে মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান এবং রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ।