রাজশাহীতে ভাসমান মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে মডেল প্রেসক্লাব
সংবাদ সংগ্রহ ও পরিবেশনের মতো ব্যস্ত পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য নজির স্থাপন করেছে রাজশাহী মডেল প্রেসক্লাব। সংগঠনটির সভাপতি মো. ইমদাদুল হক এবং সাধারণ সম্পাদক মোমিন ওয়াহিদ হিরোর সার্বিক তত্ত্বাবধানে প্রতি বৃহস্পতিবার নিয়মিতভাবে রাজশাহীর ভাসমান, ছিন্নমূল ও অসহায় পথচারীদের মুখে উন্নতমানের খাবার তুলে দেওয়া হচ্ছে। সংগঠনটির এই ব্যতিক্রমী মানবিক উদ্যোগ স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের প্রশংসা কুড়াচ্ছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় খাবার বিতরণ কার্যক্রম চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি মো. ইমদাদুল হক নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, দীর্ঘ ২৩ বছরের সাংবাদিকতা জীবনের ব্যস্ততার মাঝে এসে রাজপথের ছিন্নমূল ও অসহায় মানুষের হাতে খাবার তুলে দিতে পারার যে আত্মতৃপ্তি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তিনি উল্লেখ করেন, ২০০৩ সালে প্রাচীন জনপদ পাবনা থেকে প্রকাশিত ‘দৈনিক পাবনার আলো’র স্টাফ রিপোর্টার হিসেবে তার পেশাগত পথচলা শুরু হয়। এরপর ২০০৬ সাল পর্যন্ত সেখানে দায়িত্ব পালন শেষে ঐতিহ্যবাহী ‘দৈনিক সিনসা’র প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব নেন। পরবর্তীতে ২০০৮ সালে জাতীয় দৈনিক ‘বাংলার দূত’-এর স্টাফ রিপোর্টার হিসেবে ঢাকায় যুক্ত হন। রাজধানীতে দুই বছর কাজের অভিজ্ঞতা নিয়ে ২০১০ সালে নিজ জন্মভূমি রাজশাহীতে ফিরে ‘দৈনিক নবরাজ’-এর ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব শুরু করেন। পরবর্তী সময়ে ‘দৈনিক খোলা কাগজ’-এর রাজশাহী ব্যুরো প্রধান, ‘দৈনিক অর্থনীতির কাগজ’ ও ‘দৈনিক আজকের জীবন’-এ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়া রাজশাহীর শীর্ষস্থানীয় আঞ্চলিক পত্রিকা ‘দৈনিক উপচার’-এ দুই বছর এবং ‘দৈনিক রাজশাহীর আলো’ পত্রিকায় টানা চার বছর সুনামের সঙ্গে বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।
বর্তমানে তিনি ২০২০ সাল থেকে জাতীয় দৈনিক ‘প্রভাত’-এর রাজশাহী ব্যুরো প্রধান এবং জাতীয় দৈনিক ‘আওয়ার বাংলাদেশ’-এর বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সম্প্রচার গণমাধ্যমেও তিনি সক্রিয় ভূমিকা রাখছেন। ২০২৫ সালে ‘চ্যানেল এস’-এর রাজশাহী প্রতিনিধি হিসেবে কাজ করার পর ২০২৬ সাল থেকে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘আনন্দ টিভি’র রাজশাহী প্রতিনিধি হিসেবে পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। রাজশাহী মডেল প্রেসক্লাবকে নিজের প্রাণের সংগঠন উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ের পাশাপাশি সংগঠনটি আজ অসহায় পথচারীদের মুখে খাবার তুলে দিতে পারছে, এটি প্রতিটি সদস্যের জন্য অত্যন্ত গর্বের ও অনুপ্রেরণার বিষয়। এই সেবামূলক কার্যক্রমকে টেকসই করতে তিনি রাজশাহীর সকল পেশাদার সাংবাদিক ও সুধী সমাজের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অন্যদিকে সংগঠনটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট গণমাধ্যমকর্মী মোমিন ওয়াহিদ হিরো বলেন, ২০০৭ সালে রাজশাহীর সুপরিচিত আঞ্চলিক পত্রিকা ‘দৈনিক সানশাইন’-এর মাধ্যমে সাংবাদিকতায় তার প্রবেশ ঘটে। এরপর দীর্ঘদিন বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পর বর্তমানে তিনি দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল ‘মাছরাঙা টেলিভিশন’-এর স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত জীবনের শুরু থেকেই তিনি গণমাধ্যমকর্মীদের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন।
মোমিন ওয়াহিদ হিরো আরও বলেন, মডেল প্রেসক্লাবের সকল সহকর্মীকে সঙ্গে নিয়ে প্রতি সপ্তাহে রাজশাহীর ভাসমান মানুষের মুখে একবেলা খাবার তুলে দিতে পারা মহান আল্লাহর এক বিশেষ নেয়ামত। এই উদ্যোগটি কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং মানবিক তাগিদ থেকেই শুরু করা হয়েছে। এ ধরনের কল্যাণকর কাজ নিয়মিতভাবে অব্যাহত রাখতে তিনি সকলের সার্বিক সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করেন।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই রাজশাহী মডেল প্রেসক্লাব বিভিন্ন ইতিবাচক ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি আধুনিক ও সাংবাদিকবান্ধব সংগঠন হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। পেশাগত স্বার্থ সংরক্ষণের পাশাপাশি প্রতি ঈদে সদস্যদের ও বাইরের সাংবাদিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ এবং নিজস্ব ব্যবস্থাপনায় পশু কোরবানি দিয়ে সাংবাদিকদের ঘরে ঘরে মাংস পৌঁছে দেওয়াসহ নানামুখী সামাজিক ও মানবিক কর্মকাণ্ড নিয়মিত বাস্তবায়ন করে চলেছে এই সংগঠনটি।