মাদকের জিরো টলারেন্সে প্রশাসনকে গোপনে তথ্য দেওয়ার আহ্বান
‘মাদকমুক্ত গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রত্যয়কে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে মাদক প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ২ নম্বর কিসমত গণকৈড় ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির সার্বিক সহযোগিতায় মঙ্গলবার বিকেলে স্থানীয় ঝিনার মোড় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম বলেন, সমাজ থেকে মাদকের করাল গ্রাস সমূলে উৎপাটন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে। তিনি সাধারণ মানুষের উদ্দেশে বলেন, প্রকাশ্যে না পারলেও নির্ভয়ে গোপনে মাদক কারবারি ও সেবীদের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করুন; দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরিবারের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ভরসা করে বসে থাকলে চলবে না, নিজেদের সন্তানদের গতিবিধি ও চালচলনের ওপর প্রতিটি পরিবারকে কড়া নজরদারি রাখতে হবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণে মাদকমুক্ত সমাজ গঠনের কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায়ের সর্বস্তরের মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে পারলে সমাজ থেকে মাদককে শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে এবং কিসমত গণকৈড় ইউনিয়ন পরিষদের প্রশাসক এম. এ. মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু এবং দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার।
এ সময় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুস্তম মোল্লা, উপজেলা বিএনপির সদস্য জারজিস হোসেন সোহেল, জেলা যুবদলের সদস্য মাহবুর রহমান, কিসমত গণকৈড় ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ আলিম এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি মাদক প্রতিরোধ কমিটির সদস্য সোহেল বাবু। এছাড়াও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত থেকে মাদকবিরোধী আন্দোলনে সংহতি প্রকাশ করেন।