সবুজায়ন বাড়াতে শিক্ষার্থীদের মাঝে মহানগর যুবদলের চারা বিতরণ
পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, নগরের সবুজায়ন বৃদ্ধি এবং নতুন প্রজন্মের মাঝে বৃক্ষরোপণের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে মহানগর যুবদল। সোমবার নগরীর চন্দ্রিমা থানাধীন ১৯ নম্বর ওয়ার্ডের আল আরাফা একাডেমির শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে এসব গাছের চারা তুলে দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে রাজশাহী মহানগরীর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় এই চারা বিতরণ কার্যক্রম সম্প্রসারিত করা হবে।
আল আরাফা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সদস্যসচিব মো. রফিকুল ইসলাম রবি এবং বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. সাদেক আলী। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন চন্দ্রিমা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মানিক।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি বলেন, সবুজ-শ্যামল বাংলাদেশ বিনির্মাণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশবান্ধব নির্দেশনা ও প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই তৃণমূল পর্যায় থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নগরীর প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বৃক্ষরোপণ আন্দোলনকে একটি কার্যকর সামাজিক উদ্যোগে রূপ দিতে বিএনপি ও এর সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছেন।
মহানগর যুবদলের সদস্যসচিব মো. রফিকুল ইসলাম রবি বলেন, বৃক্ষরোপণ কেবল একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়ার নৈতিক দায়িত্ব। শিক্ষার্থীদের হাত দিয়েই প্রতিটি ঘরে সবুজায়নের আলো পৌঁছে দেওয়া সম্ভব। রাজশাহী মহানগরের প্রতিটি প্রান্তে বিনা মূল্যে গাছের চারা পৌঁছে না দেওয়া পর্যন্ত এই ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা ও মুজিবুল হক মিলন, সদস্য মোফাজ্জল হোসেন শুভ ও তানভীর হোসেন হীরা, চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদ আলী, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আকতার হোসেন, বিএনপি নেতা সিরাজ আলী ও জাহাঙ্গীর হোসেন।
এ ছাড়া ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ যুবদলের আহ্বায়ক মো. শাহিন আলী, সদস্যসচিব মো. ইউসুফ আলী সনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিহাব আলী, যুগ্ম আহ্বায়ক শুভ, চন্দ্রিমা থানা যুবদলের নেতা রানান ও শিয়াম, ১৯ নম্বর ওয়ার্ড উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবু, মহানগর যুবদল নেতা আল ফারাবি রাজ, ওয়াসিম ও রকিসহ যুবদলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।