চাঁপাইনবাবগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা
‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’-এই মূলমন্ত্রকে ধারণ করে চাঁপাইনবাবগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী সমন্বিত তথ্য সংগ্রহ বিষয়ক এক বিশেষ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর দুইটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। মূলত একটি স্বাবলম্বী পরিবার কাঠামো বিনির্মাণ এবং তৃণমূল পর্যায়ে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট অংশীজনদের তথ্য সংগ্রহের নানা দিক সম্পর্কে ধারণা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন দাস, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহ নেওয়াজ। এ ছাড়া স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তা এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা আলোচনায় অংশ নেন।
সভায় বক্তারা ফ্যামিলি কার্ড কার্যক্রমের মূল লক্ষ্য, সুবিধাভোগীদের তথ্য সংগ্রহের বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং স্বাবলম্বী সমাজ গঠনে এই প্রকল্পের দীর্ঘমেয়াদি গুরুত্ব বিশদভাবে তুলে ধরেন। আলোচকেরা জানান, পরিবারভিত্তিক টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের কোনো বিকল্প নেই। যোগ্য পরিবারগুলোকে সরকারি সুরক্ষা বলয়ের আওতায় এনে পরিবারভিত্তিক স্বাবলম্বিতা অর্জনের মাধ্যমে সামগ্রিক সামাজিক নিরাপত্তাব্যবস্থাকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করা হয় এই সভায়।