মাদক কারবারিদের গ্রেফতারে চাঁপাইনবাবগঞ্জে এলাকাবাসীর আল্টিমেটাম
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মাদকের বিস্তার রোধ ও কারবারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে গণস্বাক্ষর সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সচেতন এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে এলাকার শতাধিক সচেতন নারী-পুরুষ অংশগ্রহণ করে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং এলাকার ভবিষ্যৎ সুরক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, কোনো নিরপরাধ বা নির্দোষ মানুষকে হয়রানি করা তাঁদের উদ্দেশ্য নয়; বরং তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রকৃত অপরাধী ও মাদক চক্রের মূল হোতাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনাই তাঁদের একমাত্র লক্ষ্য। মাদকমুক্ত সুস্থ সমাজ বিনির্মাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সর্বাত্মক সহযোগিতা করারও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।
সমাবেশ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্থানীয় প্রতিনিধিরা একটি লিখিত স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত উদয়ন মোড়, হাড্ডিপট্টি, প্রান্তিকপাড়া এবং রেলবাগানসহ সন্নিহিত এলাকাগুলোতে সাম্প্রতিক সময়ে মাদক সিন্ডিকেটের তৎপরতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। প্রকাশ্য ও অপ্রকাশ্য এই কারবারের ফলে স্থানীয় শিশু-কিশোর ও তরুণ সমাজের ভবিষ্যৎ ধ্বংসের মুখে পড়ছে এবং সার্বিক সামাজিক নিরাপত্তায় মারাত্মক বিপর্যয় সৃষ্টি হচ্ছে।
স্মারকলিপিতে উল্লিখিত মাদকপ্রবণ স্পটগুলোতে পুলিশের নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করার দাবি জানানো হয়। একই সঙ্গে মাদকাসক্ত ব্যক্তিদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে উন্নত চিকিৎসা ও কার্যকর পুনর্বাসন কেন্দ্র স্থাপনের ওপরও বিশেষ গুরুত্বারোপ করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মো. বাহারাম মন্ডল, লাকি মন্ডল, জিয়া মন্ডল, মোহাম্মদ আলী, বিএনপি নেতা শওকত আলী ও শরিফুল ইসলাম শরিফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।