রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত
রাজশাহী মহানগরীকে একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব, স্বাস্থ্যকর, আধুনিক ও নিরাপদ নগরী হিসেবে রূপান্তরে মহানগরবাসীর সার্বিক সহযোগিতা ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। গত শনিবার রাতে নগরীর হোটেল স্টারের সম্মেলন কক্ষে আয়োজিত রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির জমকালো অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রাসিক প্রশাসক বলেন, রাজশাহীর নাগরিক সেবার মান বৃদ্ধি এবং সার্বিক পরিবেশের উন্নয়নে বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে বর্ষাকালে জলাবদ্ধতা নিরসন, নাগরিকদের স্বাচ্ছন্দ্যে চলাচলের স্বার্থে ফুটপাত দখলমুক্তকরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত বিশেষ কার্যক্রম চলমান রয়েছে।
নাগরিক সেবায় প্রশংসনীয় অর্জনের কথা তুলে ধরে তিনি বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সর্বোচ্চ নির্ভুলতা ও শুদ্ধতা নিশ্চিত করার গৌরবজনক স্বীকৃতি হিসেবে দেশের ১৩টি সিটি কর্পোরেশনের মধ্যে বিশেষ সম্মাননা অর্জন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। এই প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নাগরিক সেবায় দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের মনোবল বহুগুণ বাড়িয়ে দিয়েছে। অর্পিত দায়িত্ব সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, উন্নয়ন কর্মকাণ্ডকে দৃশ্যমান গতি দিয়ে রাজশাহীকে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি আদর্শ ও পরিকল্পিত নগরী হিসেবে পরিচিত করাতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।
রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মীর তোফায়েল হোসেনের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার এবং দৈনিক গণধ্বনি প্রতিদিন ও সময়ের কথা-২৪ ডটকমের সম্পাদক ও প্রকাশক ইয়াকুব শিকদার, রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, দৈনিক আমার দেশের রাজশাহী ব্যুরো প্রধান মঈন উদ্দিন, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগরের সদস্য সচিব প্রকৌশলী মো. আরিফুজ্জামান সোহেল, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো. নুরে ইসলাম মিলন এবং শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ আকবর আলী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আরিফুল হক রনি। এ সময় ফোরামের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তা, সাধারণ সদস্য এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার মাধ্যমে রাজশাহীর উন্নয়ন সম্ভাবনা ও জনস্বার্থমূলক নানা সমস্যা দায়িত্বশীলতার সাথে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।