নওগাঁর পত্নীতলায় বিশেষ অভিযানে ৬ জন গ্রেপ্তার
নওগাঁর পত্নীতলা থানা পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৩ জন এবং ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ৩ জনসহ মোট ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাঁদের নওগাঁ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এলাকার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রবণতা নির্মূল এবং নিয়মিত অপরাধীদের আইনের আওতায় আনার লক্ষ্যে এ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে আদালতের দীর্ঘদিনের পরোয়ানাভুক্ত ৩ পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত আরও ৩ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
পত্নীতলা থানা প্রশাসন নিশ্চিত করেছে যে, সাধারণ মানুষের জানমালের সর্বোচ্চ নিরাপত্তা বিধান, চুরিসহ বিভিন্ন অপরাধ দমন এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে পুরো থানা এলাকায় পুলিশিং তৎপরতা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। একই সঙ্গে অপরাধীদের অবস্থান শনাক্তে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। জনস্বার্থে অপরাধ নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।