নগরীর ২৪ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে যুবদল ও ছাত্রদলের অভিযান
দেশব্যাপী ঘোষিত ৯০ দিনের বিশেষ ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসন ও আগাছা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে নগরীর বাসার রোড সংলগ্ন তরুণ সংঘ প্রাইমারি স্কুল মাঠে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্যোগ নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা। এ সময় এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে স্কুল মাঠ ও এর আশপাশের জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশন এবং চারপাশের ঘন আগাছা কেটে পরিষ্কার করা হয়।
কর্মসূচিতে অংশ নিয়ে দলীয় নেতাকর্মীরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ব্যবহারিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতেই এ মাঠপর্যায়ের উদ্যোগ। বাসা-বাড়ির চারপাশ, উন্মুক্ত আঙিনা, নালা-নর্দমা কিংবা পরিত্যক্ত স্থানে সামান্য পানি জমে থাকলেও সেখানে এডিস মশার লার্ভা বংশবিস্তার করতে পারে। ফলে ডেঙ্গুর সার্বিক ঝুঁকি কমাতে নিয়মিত পরিবেশ পরিষ্কার রাখা এবং পানি জমতে না দেওয়ার বিষয়ে প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে রাজশাহীর পরিচ্ছন্ন শহরের সুনাম অক্ষুণ্ন রাখতে নগরীর প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি বলেন, শুধু সচেতনতামূলক বক্তব্য বা লিফলেট বিতরণে সীমাবদ্ধ না থেকে মাঠপর্যায়ে বাস্তবিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্য নিয়েই নেতাকর্মীরা মাঠে নেমেছেন এবং নগরীর প্রতিটি পাড়া-মহল্লা পরিচ্ছন্ন রাখতে এ ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, এলাকার কোথাও বর্জ্য, আগাছা বা পানি জমে থাকলে দলীয় কর্মীদের অবহিত করলে তারা সরাসরি গিয়ে পরিষ্কার করে দেবে। তিনি সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার অনুরোধ জানান।
পরিচ্ছন্নতা অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালিয়া পূর্ব থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু এবং সংশ্লিষ্ট থানার অধীন ছয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়া যুবদল নেতা নয়ন, রিপন ও সুইট, বোয়ালিয়া থানা পূর্ব স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ এবং ছাত্রদল নেতা হামজা, তোফা, ইফাদ, রিয়ান ও দুর্জয়সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।